ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নিশ্ছিদ্র নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নিশ্ছিদ্র নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রবিবার দুপুরে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি ও প্রযুক্তিনির্ভর নজরদারির কারণে এ বছর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। এ ধারা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে দায়িত্ব পালনকারী পুলিশ, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থা ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী।
তিনি বলেন, গত ১৫ থেকে ১৭ বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা দেখা গেছে। বর্তমান সরকার দেশকে সেই অপসংস্কৃতি থেকে মুক্ত করতে পেরেছে। এবার কোনো ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজিটাল অ্যাপ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক নজরদারি চালানো হয়েছে। এতে সম্ভাব্য কয়েকটি নাশকতার পরিকল্পনা আগেই শনাক্ত ও নস্যাৎ করা সম্ভব হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে আনন্দমুখর করতে সরকারি বরাদ্দ বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ এবার সনাতন ধর্মাবলম্বীরা টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন, যার মধ্যে তিন দিন ছিল সরকারি ছুটি। এসব উদ্যোগ ঐক্যবদ্ধ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ার প্রচেষ্টার অংশ বলে উল্লেখ করেন তিনি।
গোপালগঞ্জ সদর উপজেলার খেয়াঘাটসংলগ্ন এলাকায় পুলিশের ওপর হামলার চেষ্টা সম্পর্কে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন সন্ত্রাসী টহলরত পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এ ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
পার্বত্য অঞ্চলের সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কয়েকটি ক্ষুদ্র সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিবছর পর্যটন মৌসুমে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ স্থানীয় নেতারা রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
পূজার ছুটিতে একজন অতিরিক্ত ডিআইজির বাসভবনে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তার পরিচয় বিবেচনায় না নিয়ে তাঁকে ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং বিদেশে দেওয়া বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরত পেতে আইন ও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। ফ্যাসিবাদী শক্তি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলেও গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো কোনো অপরাধীকে নতুন করে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের অন্যতম অঙ্গীকার ছিল। সর্বোচ্চ আদালতের রায়ে ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত পূর্ববর্তী রায় বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে এ ব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপন করা হবে।