প্রাথমিক শিক্ষাক্রম
দাঁড়িপাল্লা সরানো হলেও থেকে যাচ্ছে নৌকা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
প্রথম থেকে তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ৮২টি নৌকার ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে ছাপার কাজ প্রায় শেষ হওয়ায় এবার ছবিগুলো সংশোধন করা হচ্ছে না। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ে ‘দাঁড়িপাল্লা’র ছবি নিয়ে বিতর্কের পর সংশ্লিষ্ট পৃষ্ঠা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির বাংলা বইয়ে ৩৪টি, দ্বিতীয় শ্রেণিতে ২৩টি এবং তৃতীয় শ্রেণিতে ২৫টি নৌকার ছবি রয়েছে। এর অনেকগুলোর সঙ্গে সংশ্লিষ্ট পাঠের সরাসরি যোগসূত্র নেই। তবে এনসিটিবির দাবি, নদীমাতৃক বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরতে এসব ছবি ব্যবহার করা হয়েছে।
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘নলেজ পিরামিডে’ ‘প্রজ্ঞা’ বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এনসিটিবি জানিয়েছে, বইটির ৩৮ লাখ কপির মধ্যে ১৮ লাখ সরবরাহ করা হয়েছে। সরবরাহ করা বই ফিরিয়ে নিয়ে বিতর্কিত পৃষ্ঠা পরিবর্তন করে নতুন পৃষ্ঠা যুক্ত করা হবে।
এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. মো. ইকবাল হায়দার কালের কণ্ঠকে বলেন, বিষয়বস্তু পরিবর্তন না হলে ছবি পরিবর্তন করা কঠিন।