ফসিহ উদ্দীন মাহতাব
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১০:১৩ এএম
প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ঘন ঘন রদবদল, দায়িত্ব বুঝে ওঠার আগেই কর্মকর্তাদের বদলি ও পদায়ন নিয়ে অনিশ্চয়তায় প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান পদে ধারাবাহিক পরিবর্তনের প্রভাব পড়ছে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, জনসেবা ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতিতে। এতে প্রশাসনিক স্থিতিশীলতা ও কর্মদক্ষতা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
জনপ্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন দায়িত্ব নেওয়ার পর একটি দপ্তরের কার্যক্রম, জনবল, বাজেট, চলমান প্রকল্প ও নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে ধারণা নিতে সময় লাগে। এ সময়ের আগেই বদলি করা হলে নতুন কর্মকর্তাকে আবার শুরু থেকে কাজ বুঝতে হয়। ফলে সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্ব হস্তান্তর ও বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হয়।
জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, বদলি প্রশাসনের স্বাভাবিক ও প্রয়োজনীয় অংশ। তবে প্রশাসনিক প্রয়োজন, দক্ষতা ও জনস্বার্থের পরিবর্তে ঘন ঘন রদবদল হলে তা প্রশাসনের গতিশীলতা কমাতে পারে। এতে কর্মকর্তাদের মধ্যে অনিশ্চয়তা বাড়ে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাধাগ্রস্ত হয় ও জবাবদিহি নিশ্চিত করাও জটিল হয়ে পড়ে।
আট মাসে দুই হাজারের বেশি বদলি-পদায়ন
বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম আট মাসে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দুই হাজারের বেশি কর্মকর্তাকে করা হয়েছে বদলি ও পদায়ন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপিত প্রতিবেদন সূত্র মতে, এ সময়ে মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার থেকে সহকারী কমিশনার পর্যন্ত বদলি ও পদায়ন হয়েছে ৫৮৯টি। এর মধ্যে ছয়জন বিভাগীয় কমিশনার, ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি), ১০৯ জন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও ৩০৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব থেকে সহকারী সচিব পর্যায়েও উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
তবে এসব পরিবর্তনের সবই অপ্রয়োজনীয় বা ঘন ঘন বদলির উদাহরণ নয়। কখনও কখনও পদোন্নতি, শূন্য পদ পূরণ, প্রশাসনিক পুনর্বিন্যাস ও জনবল ব্যবস্থাপনার প্রয়োজনেও বদলি হয়। তবে এত বড় পরিসরে পরিবর্তনের ক্ষেত্রে পদায়নের পরিকল্পনা ও কাজের ধারাবাহিকতা বজায় রাখার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
উন্নয়ন প্রকল্পে বাড়তে পারে দীর্ঘসূত্রতা
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রশাসনিক রদবদলের প্রভাব পড়তে পারে উন্নয়ন প্রকল্পের অনুমোদন, অর্থছাড়, দরপত্র, বাস্তবায়ন ও তদারকিতে। বিশেষ করে ভূমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র ও একাধিক দপ্তরের সমন্বয় প্রয়োজনÑ এমন প্রকল্পে দায়িত্বশীল কর্মকর্তাদের ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। কর্মকর্তা বদলি হলে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রকল্পের অগ্রগতি, ব্যয়, চুক্তির শর্ত ও বাস্তবায়নের বাধা সম্পর্কে জানতে হয়। দায়িত্ব হস্তান্তর যথাযথ না হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে গিয়ে সময়সূচি পিছিয়ে যেতে পারে। এতে ব্যয় বাড়ার পাশাপাশি সরকারি অর্থের কার্যকর ব্যবহারও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
জনসেবা ও প্রশাসনিক মনোবলে প্রভাব
ভূমিসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগকালীন সহায়তা, বিভিন্ন সনদ ও অনুমোদন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ডিসি বা ইউএনও পরিবর্তনের পর চলমান উদ্যোগ ও স্থানীয় পর্যায়ের সমন্বয় নতুন করে সাজাতে হয়। যথাযথ দায়িত্ব হস্তান্তর না হলে আবেদন নিষ্পত্তি ও স্থানীয় সমস্যা সমাধানে বিলম্ব হতে পারে।
পদায়নে যোগ্যতা ও কাজের মূল্যায়নের পরিবর্তে বাইরের চাপ বা ব্যক্তিগত যোগাযোগ গুরুত্ব পাচ্ছেÑ এমন ধারণা তৈরি হলেও কর্মকর্তাদের পেশাগত মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে অনিয়মের অভিযোগ, অসন্তোষজনক কর্মদক্ষতা কিংবা প্রশাসনিক প্রয়োজনেও বদলি যৌক্তিক হতে পারে।
সিদ্ধান্ত পরিবর্তনের সংস্কৃতি নিয়েও প্রশ্ন
বদলি-পদায়নের আদেশ জারির পর তা আবার পরিবর্তন করার ঘটনাও প্রশাসনিক সিদ্ধান্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে। যথাযথ যাচাই-বাছাই ছাড়া আদেশ জারি হলে পরে তা সংশোধন বা বাতিল করতে অতিরিক্ত সময় ও সম্পদ ব্যয় হয়। সেই সঙ্গে কাজে সমন্বয়হীনতাও তৈরি হয়।
এ বিষয়ে সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ একেএম আব্দুল আউয়াল মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “একটা আদেশ করার পর সেটি বদলানো মানে হচ্ছে সে বিষয়ে আগে ভালো করে কাজ হয়নি”।
এ ধরনের ঘটনা বেশি ঘটলে প্রশাসনিক দুর্বলতা স্পষ্ট হয় এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আগে সংশ্লিষ্ট কর্মকর্তার অভিজ্ঞতা, দক্ষতা, দায়িত্ব পালনের সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক প্রয়োজন যথাযথভাবে যাচাই করা জরুরি।