বাসস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৫২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
আগামীকাল সোমবার চারদিনের জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন এই জাপান সফরকে ঘিরে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা নতুন মাত্রা পেতে যাচ্ছে।
বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক যোগাযোগ জোরদার করার বিষয়গুলো সফরে বিশেষ গুরুত্ব পাবে। একই সঙ্গে জাপানের প্রস্তাবিত বিনিয়োগ এবং ২০১৪ সালে সূচিত ‘বিগ-বি’ মহাপরিকল্পনা হালনাগাদের উদ্যোগ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামীকাল ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৭ অক্টোবর টোকিওতে দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরকালে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার পাশাপাশি টয়োটার কারখানা এবং চিবা প্রিফেকচারের ফুতসুতে জেরা পরিচালিত এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সফরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা বিগ-বি পরিকল্পনা নতুনভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। ২০১৪ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে এ উদ্যোগের সূচনা করেন। হালনাগাদ পরিকল্পনায় আঞ্চলিক যোগাযোগ, জ্বালানি অবকাঠামো, সরকারি-বেসরকারি বিনিয়োগ এবং সামুদ্রিক নিরাপত্তাকে একসঙ্গে গুরুত্ব দেওয়ার কথা রয়েছে।