× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসৎ পুলিশে সর্বনাশ

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ০৮:৩৩ এএম

অসৎ পুলিশে সর্বনাশ

পুলিশের কিছু সদস্যের অপকর্মের কারণে ইমেজ সংকটে পড়ছে গোটা বাহিনী। ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা দেশবাসীর কাছে আরও বেশি স্পষ্ট হয়ে গেছে। পুলিশ জনগণের বন্ধু না হয়ে যেন শত্রুতে পরিণত হয়েছে। এমন কোনো অনৈতিক কাজ নেই, যা পুলিশের কতিপয় সদস্য করেনি বা করছে না। ঘুষ-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা মামলা, ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়, নারীকেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ড, তদন্তে গাফিলতি ও প্রভাব বিস্তারÑ এমনকি গুম-খুনেও জড়িয়েছে একশ্রেণির পুলিশ সদস্য।

কখনও ক্ষমতাসীনদের লাঠিয়াল, কখনও অপরাধের সহযোগী হয়ে তারা কলঙ্কিত করছে পুরো বাহিনীকে। অতি সম্প্রতি একজন অতিরিক্ত ডিআইজির মাদকের আস্তানায় পুলিশের অভিযানের ঘটনা সেই কলঙ্ককে আরও গভীর করেছে। অপরাধ দমনের দায়িত্বে পুলিশ সদস্যদের কেউ কেউ হীন অপকর্মে অভিযুক্ত হওয়ায় পুরো বাহিনীর শৃঙ্খলা, নজরদারি ও জবাবদিহিই হচ্ছে প্রশ্নবিদ্ধ। গুটিকয় সদস্যের অপকর্মে তাই শুধু পুলিশের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ভেঙে পড়ছে জনগণের আস্থাও। সর্বনাশ ঘটছে পুরো বাহিনীর। অবনতি হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির। 

খুলনার একটি অনুষ্ঠানে শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বিগত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে মানবিক ও জনবান্ধব পুলিশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও বলেন তিনি।

তবে ঘোষণা দিয়ে আস্থা ফেরানো যাবে না। অতিরিক্ত ডিআইজি জহিরকে ঘিরে ঘটনা থেকে শুরু করে মাদক, ঘুষ ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগÑ সব ক্ষেত্রেই নিরপেক্ষ তদন্ত ও দৃশ্যমান ব্যবস্থা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অভিযোগ প্রমাণিত হলে পদমর্যাদা বিবেচনা না করে শাস্তি দিতে হবে। পুলিশ সদস্যরা আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ পেলে অর্থহীন হয়ে পড়বে জনবান্ধব পুলিশ গড়ার ঘোষণা।

অতি সম্প্রতি পুলিশ সোসাইটি হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজি জহিরকে ঘিরে ঘটনা বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। জানতে চাইলে সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম ঘটনাটিকে বাহিনীর ভাবমূর্তির জন্য ‘খারাপ দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পুলিশের কোনো সদস্য মাদক ব্যবসা বা অন্য অপরাধে জড়ালে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনেও ব্যবস্থা নিতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত কতটা নিরপেক্ষ হবে, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

গত ৩০ সেপ্টেম্বর বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়। এর দুই দিন পর, ২ অক্টোবর, রূপনগর থানার ওসি নোমান হোসেন ফেসবুকে আমিনুল হকের প্রশংসা করে তাকে সৎ ও নীতিবান উল্লেখ করেন। বিএনপির নেতাকর্মীরা তাকে আবার নেতৃত্বে দেখতে চান বলেও লেখেন। কর্মরত পুলিশ কর্মকর্তার এমন প্রকাশ্য রাজনৈতিক অবস্থান নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়।

সম্প্রতি রাজশাহীর পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিরুদ্ধেও নারীঘটিত কেলেঙ্কারির তথ্য ভাইরাল হয়। তার ষষ্ঠ স্ত্রী দাবি করে আন্নি আক্তার অভিযোগ করেন, বিভিন্ন জেলায় দায়িত্ব পালনের সময় মাহবুব একাধিক বিয়ে করেছেন। গত ১৮ সেপ্টেম্বর নগরীর নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাট থেকে মাহবুব ও এক নারীকে আটক করে পুলিশ। এর আগে ২০২৪ সালে ঘুষ লেনদেনের অভিযোগসংবলিত ভিডিও ছড়িয়ে পড়লে তাকে চন্দ্রিমা থানার ওসির পদ থেকে প্রত্যাহার করা হয়। 

মাদক দমন পুলিশের দায়িত্ব, অথচ সেই বাহিনীর সদস্যদেরই মাদকসহ গ্রেপ্তার হতে হচ্ছে। ৫ অক্টোবর রংপুরে ইয়াবাসহ এক কনস্টেবল ও সাবেক এক কনস্টেবল, ৭ সেপ্টেম্বর সাতক্ষীরায় কোরেক্স সিরাপসহ দুই কনস্টেবল ও ৬ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএনের এক সদস্য গ্রেপ্তার হন। চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজার, রাজধানীর সূত্রাপুর ও দক্ষিণখান, নাটোরের লালপুর ও বগুড়াতেও পুলিশ সদস্যদের মাদকসহ গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। ৮ অক্টোবর বরিশালে মাদক সেবনের আসরে অভিযানের সময় এক এএসআইসহ চারজনকে আটক করা হয়। ঘটনাস্থলে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও মাদক উদ্ধার হয়নি। পরে ওই এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ২০২০ সালের মার্চ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ১২৬ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ হয়। তাদের মধ্যে ১১৬ জন চাকরিচ্যুত হন। ২০২৫ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আরও ১৭ সদস্যের পরীক্ষায় মাদক গ্রহণের প্রমাণ মেলে। গত সেপ্টেম্বরে পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন ও ১৩ অক্টোবর কিশোরগঞ্জ জেলা পুলিশের চালক কনস্টেবল ওসমান গনির ডোপ টেস্ট পজিটিভ হলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। ওসমানের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মাদক গ্রহণের প্রমাণ, মাদকসহ গ্রেপ্তার ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এক নয়। তবে এসব ঘটনা অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নজরদারির দুর্বলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নিয়মিত পরীক্ষা, নিরপেক্ষ তদন্ত ও অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা না থাকলে অনিয়ম ঠেকানো কঠিন।

ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাকরিচ্যুতি বা বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এমন আরও অসংখ্য পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ব্যবস্থা নিতে হয়েছে বাহিনীকে। নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামানের বিরুদ্ধে এসআই পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৭ লাখ টাকা দাবি ও ব্যাংক হিসাবে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। চাকরি না হওয়ায় টাকা ফেরত না পেয়ে অভিযোগ করেন ওই ব্যক্তি। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় রোকনুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরির নামে অর্থ নেওয়ার অভিযোগ নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

জানতে চাইলে সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “পুলিশের কোনো সদস্যের অনৈতিক কর্মকাণ্ড পুরো বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। পুলিশ সোসাইটি হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজি জহিরকে ঘিরে ঘটনা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত। বিশেষ করে, সুরক্ষিত আবাসন এলাকায় এমন ঘটনা মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে”।

তিনি আরও বলেন, “মাদক ব্যবসা বা অন্য অপরাধে পুলিশের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনেও ব্যবস্থা নিতে হবে। গুরুতর অভিযোগ পদোন্নতি আটকে দিতে পারে, চাকরিও যেতে পারে। নৈতিক স্খলন বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগও বন্ধ হতে পারে”। 

ময়নুল ইসলাম বলেন, “অতীতের দলীয় সরকার পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তবে এর দায় পুরো বাহিনীর নয়। কিছু কর্মকর্তা নিজেদের স্বার্থে ব্যবহৃত হয়েছেন, আবার মাঠপর্যায়ের অনেক সদস্য আদেশ পালন করতে গিয়ে ভুক্তভোগী হয়েছেন। ৫ আগস্টের পর পুলিশের মনোবল ও জনআস্থা ফেরানোর চেষ্টা হয়েছে। এ জন্য প্রশিক্ষণ, নৈতিকতা ও জবাবদিহি বাড়াতে হবে”।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “শুধু বদলি, প্রত্যাহার কিংবা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করে দায়িত্ব শেষ করা যাবে না। অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অপরাধ প্রমাণিত হলে কঠোর বিভাগীয় ব্যবস্থা এবং প্রয়োজন অনুযায়ী ফৌজদারি বিচার নিশ্চিত করতে হবে। দুর্বল ব্যবস্থা অপরাধীদের উৎসাহিত করে; দৃষ্টান্তমূলক শাস্তি জবাবদিহি প্রতিষ্ঠা করে”।

তিনি বলেন, “পুলিশের ভাবমূর্তি ফেরানোর দায় বাহিনীরই। মাদক, ঘুষ, রাজনৈতিক পক্ষপাত কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্তের ফল ও গৃহীত ব্যবস্থা স্পষ্ট করতে হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা