প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৭:২২ পিএম
রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকায় জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে আন্তর্জাতিক সংহতি জোরদার করা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়তে কার্যকর জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংহতি জোরদার করা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকায় জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে শনিবার তিনি এ কথা বলেন। জোনটা ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ২৫ এবং বাংলাদেশে সংগঠনটির ক্লাবগুলো এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকার জাতিসংঘের এই তিন মূল স্তম্ভের প্রতি বাংলাদেশের অঙ্গীকার নতুন করে জোরদার হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনেও সংলাপ, ঐকমত্য প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গঠনমূলক ভূমিকা রাখছে বাংলাদেশ। অধিবেশনটির সভাপতিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্য অর্জনে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার ধারাবাহিকতা, সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।
নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে শামা ওবায়েদ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে লিঙ্গভিত্তিক সহিংসতা, ডিজিটাল হয়রানি ও সমান সুযোগের পথে বাধা দূর করার আহ্বান জানান তিনি। জাতিসংঘের নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে সম্প্রতি চালু হওয়া ‘ঢাকা ডায়ালগ’-এর মতো উদ্যোগের গুরুত্বও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
মিয়ানমারে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো ভূমিকা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা। এ ছাড়া কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, জোনটা ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের জোনটা ক্লাবগুলোর প্রতিনিধিসহ বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।