প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৬:১৭ পিএম
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা, সশস্ত্র সংঘাত, মানবিক সংকট ও বৈষম্য মোকাবিলায় বহুপাক্ষিকতাকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘ সনদের মূলনীতি সমুন্নত রাখা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।
জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব কথা বলেন।
বার্তায় জাতিসংঘ ও সংস্থাটির সদস্যরাষ্ট্রগুলোকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব জাতিসংঘ দিবস আমাদের নতুন করে স্মরণ করিয়ে দেয়। বর্তমান বিশ্বপরিস্থিতিতে বহুপাক্ষিকতা কেবল একটি বিকল্প নয়, বরং এটি অপরিহার্য”।
তিনি বলেন, “সংলাপ, বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার অঙ্গীকার নতুন করে জোরদার করতে হবে”।
বাংলাদেশের বহুপাক্ষিক সহযোগিতার প্রতিশ্রুতি তুলে ধরে হুমায়ুন কবির বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করা, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখা এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচিত হওয়া বহুপাক্ষিক কার্যক্রমে সরকারের নতুন উদ্দীপনার প্রতিফলন”।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম প্রধান সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জিং পরিবেশে বাংলাদেশের সাহসী শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছেন”।
পাশাপাশি শান্তিরক্ষা এবং শান্তি ও নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
বার্তায় টেকসই উন্নয়ন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, লিঙ্গসমতা ও মানবিক সহায়তার ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্বের বিষয়টিও তুলে ধরা হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়ে আসছে। তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা প্রয়োজন”।
টেকসই উন্নয়নের লক্ষ্যে ২০৩০ এজেন্ডা বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা রাষ্ট্রগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা নিশ্চিত করতে হবে”।
বাংলাদেশ আরও প্রতিনিধিত্বশীল, স্বচ্ছ ও কার্যকর জাতিসংঘ প্রতিষ্ঠার পক্ষে বলেও বার্তায় উল্লেখ করা হয়। এ লক্ষ্যে নিরাপত্তা পরিষদের অর্থবহ সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিসংঘকে আরও কার্যকর করতে হবে, যাতে সংস্থাটি সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়।
বার্তার শেষাংশে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক সহযোগিতা এবং নিয়মভিত্তিক বহুপাক্ষিক বিশ্বব্যবস্থার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন হুমায়ুন কবির। তিনি বলেন, “পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা, বিভেদ দূর করা এবং সবার জন্য শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে”।