ইতিহাস মুছে ফেলা যায় না, সত্য আড়াল করেও রাখা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে দেশের মানুষ তার বিচার দেখতে চায়।
বগুড়ার মোকামতলায় শনিবার দুপুরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, “মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। কারণ, দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষা করছে। কিন্তু তার আর দেশে ফেরা হয় না।”
“অন্যদিকে, তারেক রহমান দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। আর শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটাই জনগণের ভালোবাসা আর জনসমর্থনের পার্থক্য”, বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক- এই ইতিহাস পরিবর্তন করা সম্ভব নয়। দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন, তার রাজনৈতিক অবস্থানও কেউ বদলাতে পারবে না।
বিএনপির জনপ্রিয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই।” মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য।
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানীর ব্যবস্থা করার কথা উল্লেখ করে তিনি সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে জামায়াতের পরিবর্তে বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান।

মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগকে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উপজেলার অবকাঠামো উন্নয়নসহ বাকি কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় দোয়া চান তিনি।
বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক।
বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।