জাতিসংঘের পতাকা। ছবি: রয়টার্স
আজ ২৪ অক্টোবর, ৮১তম জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতিসংঘ। পৃথিবীর সব স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
ইতঃপূর্বে গঠিত লিগ অব নেশনস বিলুপ্ত হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের আরেকটি সংস্থা গঠনের তীব্র প্রয়োজন অনুভূত হয়। মূলত তা থেকেই বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার এই আন্তঃরাষ্ট্রীয় সংস্থাটি গঠিত হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর প্রায় চার বছরের চেষ্টা ও ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে ১৯৪৫ সালের এই দিনে প্রাথমিকভাবে ৪৬টি সদস্য দেশ জাতিসংঘ সনদকে অনুসমর্থন দেয়। পরবর্তীকালে ১৯৪৭ সালের জাতিসংঘ সাধারণ পরিষদে ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়। আর জাতিসংঘ সপ্তাহ পালন করা হয় ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত।
১৯৭১ সালে স্বাধীনতা লাভের পরই জাতিসংঘের সদস্য হওয়ার চেষ্টা করে বাংলাদেশ। ১৯৭২ সালে বাংলাদেশের আবেদন চীনের ভেটোর কারণে বাতিল হয়ে যায়। পরবর্তীতে ১৯৭৪ সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। প্রথম থেকেই বহুপাক্ষিক ব্যবস্থার সমর্থক বাংলাদেশ সব সময় জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং করছে। শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অবদান রাখছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।