জলবায়ু-সহনশীল নগর
জোসনা জামান
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০৯:৩২ এএম
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চারটি পৌরসভায় ১২টি পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় পর্যায়ে জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের পরিকল্পনা তৈরি, অবকাঠামো ও নাগরিক সেবার উন্নয়ন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা বাড়াতে নেওয়া হচ্ছে ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প।
এতে ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা। পুরো অর্থ অনুদান হিসেবে দেবে জার্মান উন্নয়ন সহযোগিতা সংস্থা জিআইজেড। আগামী রবিবার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের কথা রয়েছে।
প্রকল্পটি অনুমোদন পেলে চাঁপাইনবাবগঞ্জ, চারঘাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ পৌরসভায় এর কার্যক্রম শুরু হবে। চলতি বছর শুরু হয়ে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে।
পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু-সহনশীল নগর গড়ার একটি পরিকল্পনা পাওয়া যাবে। ভবিষ্যতে সেই পরিকল্পনার আলোকে অন্যান্য পৌরসভায়ও কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হবে। প্রকল্পটির গুরুত্ব এবং পুরো অর্থ বৈদেশিক অনুদান থেকে আসার বিষয়টি বিবেচনায় নিয়ে একনেকে উপস্থাপনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশে জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের জন্য আগে থেকেই কৌশলগত নির্দেশনা রয়েছে। তবে স্থানীয় পর্যায়ে সেগুলোর যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। সমন্বিত উদ্ভাবন, পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনার ঘাটতির কারণে স্থানীয় চাহিদা অনুযায়ী সাশ্রয়ী অবকাঠামো এবং জলবায়ু-সহনশীল মৌলিক সেবা গড়ে তোলা বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কী ধরনের উদ্যোগ প্রয়োজন, তা চিহ্নিত করা এবং সে অনুযায়ী পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের সক্ষমতাও সীমিত। পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি) ও স্থায়ী কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। একই সঙ্গে জলবায়ু-সহনশীল নগর পরিকল্পনা, নাগরিকদের অংশগ্রহণ এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিকনির্দেশনা দরকার।
বিশেষ করে ছোট ও মাঝারি শহরগুলোর নিজস্ব উদ্যোগে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের জন্য পর্যাপ্ত অর্থায়নের অভাব রয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে সমস্যা চিহ্নিত করা, সমাধান পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নে পৌরসভার সক্ষমতা বাড়ানোকে প্রকল্পের অন্যতম লক্ষ্য করা হয়েছে।
চার পৌরসভায় ১২টি পরীক্ষামূলক প্রকল্প
প্রকল্পের আওতায় চারটি পৌরসভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এসব সমস্যা সমাধানে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা দেওয়ার পাশাপাশি মোট ১২টি পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণও দেওয়া হবে।
প্রস্তাব অনুযায়ী, পৌরসভাগুলো নিজ নিজ দায়িত্বে উপপ্রকল্প বাস্তবায়ন করবে। এতে স্থানীয় পর্যায়ে সমস্যা নির্ধারণ, পরিকল্পনা তৈরি এবং সমাধান বাস্তবায়নের প্রক্রিয়ায় পৌরসভাগুলোর ভূমিকা থাকবে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, অর্থনৈতিক সম্ভাবনা এবং যৌথভাবে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা ও সক্ষমতা বিবেচনায় পৌরসভাগুলো নির্বাচন করা হয়েছে। সিরাজগঞ্জ ও গাইবান্ধা পৌরসভা মিশন চলাকালে নির্বাচিত হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ ও চারঘাট পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়।
নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) মাধ্যমে নগর নির্বাচন সমীক্ষা পরিচালনা করা হয়। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পৌরসভাগুলো চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে জার্মান উন্নয়ন সহযোগিতার কার্যক্রম গুচ্ছভিত্তিকভাবে সম্প্রসারণের লক্ষ্যও এ নির্বাচনের পেছনে রয়েছে।
প্রকল্পটি সরকারের নির্বাচনী ইশতেহার ও টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এসডিজির ১১ নম্বর অভীষ্টে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগরায়ণ এবং অংশগ্রহণমূলক নগর পরিকল্পনা এবং ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে এর ফল নির্ভর করবে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তার ওপর। চার পৌরসভার পরীক্ষামূলক উদ্যোগ থেকে পাওয়া অভিজ্ঞতা অন্য পৌরসভায় কাজে লাগানো গেলে জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।