× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা ও বাগেরহাট পরিদর্শন

গাড়ি থেকে নেমে জনতার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

খুলনা অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২২:২৫ পিএম

খুলনার দাকোপের নলিয়ান সফরে গাড়ি থেকে নেমে জনতার হাত মেলান ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার দাকোপের নলিয়ান সফরে গাড়ি থেকে নেমে জনতার হাত মেলান ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটের মোংলায় সরকারি সফর শেষে ঢাকায় ফেরার পথে গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে হাত মেলান ও কুশল বিনিময় করেন। স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যার কথাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দেখে গাড়ি থামিয়ে নেমে আসেন প্রধানমন্ত্রী। পরে তিনি তাদের সঙ্গে কথা বলেন।

এর আগে সকালে ঢাকা থেকে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে সুন্দরবনের আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের জায়গা আকাশপথে দেখেন তিনি।

পরে মোংলার দিগরাজে নৌবাহিনীর ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী। সেখানে খুলনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বিকালে মোংলা বন্দরের মূল জেটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজ দেখেন এবং বন্দরের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এরপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তিনি।

৪৮ বছর পর পিতার স্মৃতিবিজড়িত জনপদে তারেক রহমান

৪৮ বছর পর খুলনার দাকোপে ফিরল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরের স্মৃতি। ১৯৭৮ সালে দাকোপের বাজুয়ায় এসেছিলেন তিনি। এবার তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এলেন এই উপকূলীয় জনপদে। দেশের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম দাকোপের নলিয়ান সফর। বৃহস্পতিবার সকালে তার আগমন ঘিরে দুর্গম উপকূলীয় জনপদটিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তাকে একনজর দেখতে সকাল থেকেই ভিড় করেন স্থানীয়রা। তবে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি তাদের প্রত্যাশা, নদীভাঙন রোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে হেঁটে নলিয়ান কোস্ট গার্ডের পন্টুনে যান তিনি। সকাল ১০টা ৪৮ মিনিটে সেখান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় নলিয়ান বাজার মোড়ে অপেক্ষমাণ শত শত মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন তিনি।

এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে খুলনার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পর্যবেক্ষণের পর নলিয়ানে অবতরণ করেন তিনি। পরে নৌপথে সুন্দরবন ও উপকূলীয় এলাকা পরিদর্শন শেষে মোংলার নৌবাহিনীর ঘাঁটি বানৌজা মোংলায় পৌঁছান। দুপুর ১২টা ৫৫ মিনিটে সেখানে পৌঁছে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত পর্যালোচনা সভায় অংশ নেন তিনি।

সফরসূচি অনুযায়ী বিকালে মোংলা বন্দরের জেটি ও কার্যক্রম এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর। 

সরকার গঠনের আট মাসের মাথায় প্রধানমন্ত্রীর প্রথম মোংলা বন্দর সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নের পাশাপাশি প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের উদ্যোগ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আনবে। সুন্দরবন সংলগ্ন এই জনপদ নলিয়ানের মানুষের জীবন নদীভাঙন, ঝড়-জলোচ্ছ্বাস ও সুপেয় পানির সংকটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দুর্বল বেড়িবাঁধ, নাজুক যোগাযোগব্যবস্থা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতাও তাদের দীর্ঘদিনের সমস্যা। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে এসব সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা জিএম আসাবুর রহমান, খায়রুন্নেছা, গাজী আবুল বাশারসহ অনেকেই জানান, ওই এলাকার জন্য নদীভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি নিরাপদ পানির ব্যবস্থা এবং সড়ক যোগাযোগের উন্নয়ন জরুরি। এ ছাড়া শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে উপকূলের মানুষের জীবনমান উন্নত হবে। একই সঙ্গে সুন্দরবনকে কেন্দ্র করে পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তোলার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরির সুযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।

মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী বলেন, প্রধানমন্ত্রীর এ সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকারের পরিকল্পনার প্রতিফলন। তার দাবি, চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে বন্দরের উন্নয়নে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার বরাদ্দ এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ৩০ হাজার থেকে ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে মোংলা, বাগেরহাট, খুলনা বিভাগসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে তিনি বন্দরের ভবিষ্যৎ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান প্রমুখ।

দিনের সফর শেষে বৃহস্পতিবার বিকাল ৫টা ২০ মিনিটে মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তার সফর ঘিরে মোংলা বন্দর ও আশপাশের এলাকায় দিনভর নিরাপত্তা জোরদার করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা