প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২০:০৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ২০:০৫ পিএম
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে দেশটির সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে দেশটির সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
২১ ও ২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি এসব বৈঠকের পাশাপাশি বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।
সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন সংস্থা এইচআরডি কোরিয়ার (হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোরিয়া) সভাপতি লি বিয়ং-হুনের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। এতে কর্মসংস্থান অনুমতি পদ্ধতি (ইপিএস)-এর আওতায় সহযোগিতা বাড়ানো, নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং অপেক্ষমাণ বাংলাদেশি কর্মীদের জন্য বরাদ্দ কোটা পূরণ করে সময়মতো কোরিয়ায় পাঠানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই পক্ষ বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করে সরকার-টু-সরকার (জি টু জি) নিয়োগব্যবস্থা আরও কার্যকর এবং স্বচ্ছ করার ওপর গুরুত্ব দেন।
প্রতিমন্ত্রী চংজু সিটি, উমসং কাউন্টি ও গাংহওয়া কাউন্টির মেয়রদের সঙ্গেও পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বিদেশি মৌসুমি কর্মী কর্মসূচির আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানো, স্থানীয় কৃষি খাতের শ্রমিক চাহিদা পূরণ এবং সমঝোতা স্মারক স্বাক্ষরকারী অঞ্চলের সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। গাংহওয়া কাউন্টির কর্মকর্তারা বাংলাদেশি কর্মী নিয়োগে স্থানীয় কৃষি নিয়োগকর্তাদের উৎসাহিত করার আশ্বাস দেন।
সফরকালে দক্ষিণ কোরিয়ার ব্যাটারি উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান চুনবো কোম্পানির কারখানা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে বর্তমানে ১৩২ জন বাংলাদেশি কর্মী কাজ করছেন। তাদের মধ্যে প্রায় ৩৫ জনের সঙ্গে সরাসরি মতবিনিময় করে কর্মপরিবেশ, অধিকার ও ভবিষ্যৎ সম্ভাবনার খোঁজখবর নেন তিনি।
চুনবো কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া উমসংয়ে অবস্থিত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অটোগি করপোরেশনের দেপুং প্ল্যান্ট পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। প্রতিষ্ঠানটি কোরিয়ার খাদ্য উৎপাদন খাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রীর এ সফরের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং তাদের কল্যাণ নিশ্চিত করাই এ সফরের মূল লক্ষ্য।