সরকারি পর্যায়ে এলএনজি ও এলপিজি আমদানির সুযোগ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৮:৫২ পিএম
আজ বৃহস্পতিবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আতাফের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: মন্ত্রণালয়
হাইড্রোকার্বন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে সরকারি পর্যায়ে (জিটুজি) আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ তৈরি হলো।
আজ বৃহস্পতিবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আতাফের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সমঝোতা স্মারকটির অনুমোদন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জ্বালানি, সার, কৃষি, বস্ত্র, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের মতো বৈচিত্র্যময় ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। উভয় দেশের স্বার্থে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন তারা।
হাইড্রোকার্বন খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশে শোধনাগার (রিফাইনারি) ও এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে দুই দেশের যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের জ্বালানি খাতের দক্ষতা ও স্বনির্ভরতা বাড়াতে বাংলাদেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের (টেকনিশিয়ান) প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি খাতে বাংলাদেশের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে অবিলম্বে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সরাসরি নির্দেশনা দিয়েছিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।
বৈঠকে কৃষি খাতের সহায়তায় বাংলাদেশের সার আমদানির প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হলে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। এ ছাড়া আলজেরিয়ার নিজস্ব বস্ত্রশিল্পকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর অনুরোধ জানান আহমেদ আতাফ। একই সঙ্গে ওষুধ, চামড়া ও বস্ত্র খাতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
দুই দেশের পররাষ্ট্র দপ্তর পর্যায়ের নিয়মিত পরামর্শক (ফরেন অফিস কনসালটেশনস) বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন উভয় প্রতিনিধি। জানানো হয়, পরবর্তী দফার এই পরামর্শক বৈঠক শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হবে।
পাশাপাশি বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও তারা আলোচনা করেন। অত্যন্ত আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।