× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনিক পদায়নে পেশাগত দক্ষতার গুরুত্ব নিয়ে প্রশ্ন

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১১:৫৩ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের পর রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। ছবিধ সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের পর রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। ছবিধ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য বিনিময়কে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। এ ঘটনাকে কেন্দ্র করে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়ন, কর্মকর্তাদের যোগ্যতা যাচাই এবং আচরণবিধি অনুসরণের বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।

প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশের অভিযোগ, গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতার পাশাপাশি কখনও কখনও ব্যক্তিগত যোগাযোগ এবং প্রভাবশালী মহলের সুপারিশও গুরুত্ব পায়। রাজশাহীর ঘটনা মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আগে কর্মকর্তাদের পেশাগত যোগ্যতা, আচরণগত সক্ষমতা ও দায়িত্ব পালনের উপযুক্ততা যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্নের অবকাশ তৈরি করেছে।

বিভাগীয় কমিশনারের দায়িত্ব কেবল আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধ নয়। বিভাগের জেলা প্রশাসন ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন, উন্নয়ন কার্যক্রম তদারকি এবং জরুরি পরিস্থিতিতে প্রশাসনিক নেতৃত্ব দেওয়াও এ পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ফলে এ পদে নিয়োগের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের সক্ষমতার পাশাপাশি সরকারি আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা এবং তা যথাযথভাবে অনুসরণের সক্ষমতাও বিবেচনায় নেওয়া জরুরি।

ভিডিও ছড়ানোর পরই প্রত্যাহার

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। সেখানে কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময়ের একটি ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের পর রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে সরিয়ে দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ ঘটনা নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। 

এরপর মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় ইউসুফ আলীকে মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। ওই রাতেই তিনি রাজশাহী ত্যাগ করেন। ২০২৬ সালের ১৯ আগস্ট রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পান ইউসুফ আলী। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

কয়েক মাসের মধ্যে একাধিক প্রত্যাহার

মাঠ প্রশাসনে কর্মকর্তা প্রত্যাহারের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ১৮ আগস্ট রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে। একই রাতে রাজশাহীর তৎকালীন বিভাগীয় কমিশনার এএনএম বজলুর রশীদকেও প্রত্যাহার করা হয়। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ একেএম আব্দুল আউয়াল মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বিভিন্ন পর্যায়ের বুনিয়াদি প্রশিক্ষণে সব ক্যাডারের কর্মকর্তাদের আচরণবিধি ও সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। কর্মজীবনেও এসব নিয়ম অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। তার ভাষ্য, কোনো কর্মকর্তা এসব বিধিবিধান অনুসরণে ব্যর্থ হলে তা তার ব্যক্তিগত ব্যর্থতা”।

রাজশাহীর বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে একেএম আব্দুল আউয়াল মজুমদার বলেন, “অভিযোগটি সত্য হলে তা সংশ্লিষ্ট কর্মকর্তার পেশাগত আচরণের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে”।

এ ধরনের আচরণ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের কাছ থেকে প্রত্যাশিত নয় বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা