× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ০৮:৪৫ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আজ ২২ অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্যÑ নিরাপদ সড়ক-সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। ১৯৯৪ সাল থেকে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর উদ্যোগে প্রতিবছর ২২ অক্টোবর বেসরকারিভাবে নিরাপদ সড়ক দিবস পালিত হয়ে আসছিল। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ৫ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পরে ওই বছরের ২২ অক্টোবর দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এক বছরের পূর্ণাঙ্গ, সময়বদ্ধ ও পরিমাপযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ২২ অক্টোবর থেকে পরবর্তী বছরের ২২ অক্টোবর পর্যন্ত সড়ক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার দায়িত্ব সুনির্দিষ্ট করে কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে পরবর্তী জাতীয় নিরাপদ সড়ক দিবসে পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি, অর্জন ও ঘাটতির হিসাব দেশবাসীর সামনে প্রকাশ করতে হবে।

চলতি সপ্তাহে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে হেলমেটের মান হালনাগাদ, গতিসীমা কার্যকর করা, দুর্ঘটনার পর চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা, আন্ডারপাস নির্মাণ, মহাসড়কে বাঁ পাশের লেন তৈরি এবং সড়ক নিরাপত্তা-সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার উন্নয়ন।

পৌনে ৭ বছরে সড়কে ৭ হাজার ৯৬৩ শিশুর প্রাণহানি

২০২০ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের মধ্যে ৩৭.১৪ শতাংশ মোটরসাইকেলের চালক ও আরোহী এবং ৩৪.০৭ শতাংশ গ্রামীণ সড়কে প্রাণ হারিয়েছে। সড়ক ও সড়ক পরিবহনব্যবস্থার অব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতাকে শিশুদের সড়ক দুর্ঘটনায় হতাহতের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

বুধবার প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুদের মধ্যে বিভিন্ন যানবাহনের যাত্রী ছিল ২ হাজার ১৯৩ জন (২৭.৫৩ শতাংশ)। পথচারী হিসেবে রাস্তা পারাপার বা সড়কে হাঁটার সময় যানবাহনের ধাক্কায় নিহত হয়েছে ২ হাজার ৮১২ শিশু (৩৫.৩১ শতাংশ)। অন্যদিকে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে নিহত হয়েছে ২ হাজার ৯৫৮ শিশু (৩৭.১৪ শতাংশ)।

পথচারী শিশুদের প্রাণহানিতে থ্রি-হুইলারের ভূমিকা বেশি

পথচারী হিসেবে নিহত ২ হাজার ৮১২ শিশুর মধ্যে থ্রি-হুইলারের (সিএনজি, অটোরিকশা, নসিমন ও ভটভটি ইত্যাদি) ধাক্কায় প্রাণ হারিয়েছে ১ হাজার ২৭১ জন (৪৫.১৯ শতাংশ)। বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপের মতো ভারী যানবাহনের চাপায় বা ধাক্কায় নিহত হয়েছে ১ হাজার ১২৬ শিশু (৪০.০৪ শতাংশ)। প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জিপের চাপায় বা ধাক্কায় নিহত হয়েছে ৩১৭ শিশু (১১.২৭ শতাংশ)। এ ছাড়া বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে ৯৮ শিশু (৩.৪৮ শতাংশ)।

গ্রামীণ সড়কে প্রাণহানি বেশি

সড়কের ধরন অনুযায়ী, দুর্ঘটনায় নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৭১৩ জন (৩৪.০৭ শতাংশ) প্রাণ হারিয়েছে গ্রামীণ সড়কে। আঞ্চলিক সড়কে নিহত হয়েছে ২ হাজার ৮২ শিশু (২৬.১৪ শতাংশ), মহাসড়কে ১ হাজার ৯৭৪ শিশু (২৪.৭৮ শতাংশ) এবং শহরের সড়কে ১ হাজার ১৯৪ শিশু (১৫ শতাংশ)।

সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিকেলে সবচেয়ে বেশি ২ হাজার ৬৩৪ শিশু (৩৩.০৭ শতাংশ) নিহত হয়েছে। সকালে নিহত হয়েছে ২ হাজার ১৬৮ শিশু (২৭.২২ শতাংশ), দুপুরে ১ হাজার ৮১৩ শিশু (২২.৭৬ শতাংশ), রাতে ৫৯৮ শিশু (৭.৫০ শতাংশ), সন্ধ্যায় ৫৪৬ শিশু (৬.৮৫ শতাংশ) এবং ভোরে ২০৪ শিশু (২.৫৬ শতাংশ)।

নিহত শিশুদের বড় অংশ কিশোর বয়সী

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহত শিশুদের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৫৪৭ জন (৪৪.৫৪ শতাংশ)। ৬ থেকে ১২ বছর বয়সী শিশু নিহত হয়েছে ২ হাজার ৮৮৪ জন (৩৬.২১ শতাংশ)। শূন্য থেকে ৫ বছর বয়সী নিহত শিশুর সংখ্যা ১ হাজার ৫৩২ (১৯.২৩ শতাংশ)।

দুর্ঘটনা পর্যালোচনায় আরও দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে নিহত হয়েছে ২ হাজার ৫১৩ শিশু (৩১.৫৫ শতাংশ)। এ ছাড়া বসতবাড়ির আশপাশের সড়কে খেলার সময় নিহত হয়েছে ৯৬২ শিশু (১২.০৮ শতাংশ)।

শিশু মৃত্যুর কারণ ও প্রতিরোধে সুপারিশ

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে শিশুদের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে— সড়ক ও পরিবহনব্যবস্থা শিশুবান্ধব না হওয়া, নিরাপদে সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের সচেতনতার অভাব, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে পরামর্শ ও প্রশিক্ষণের ঘাটতি, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের যানবাহন চালানো, দুর্ঘটনায় আহত শিশুদের উপযুক্ত চিকিৎসার সংকট এবং চিকিৎসার ব্যয় বহনে পরিবারের আর্থিক অসচ্ছলতা।

শিশুদের সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমাতে ছয় দফা সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সুপারিশগুলো হলো— সড়ক ও সড়ক পরিবহনব্যবস্থা শিশুদের জন্য নিরাপদ করা; পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের সচেতন করা; অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের দিয়ে যানবাহন চালানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া; জেলা পর্যায়ের হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার সুযোগ ও সক্ষমতা বাড়ানো; সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বিশেষ সরকারি তহবিল গঠন করা এবং ‘সড়ক পরিবহন আইন ২০১৮’বাস্তবায়ন করা।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ সড়কে শিশুদের হতাহত হওয়ার ঝুঁকি বেশি। এর কারণ হিসেবে বসতবাড়িসংলগ্ন সড়ক, যানবাহন চলাচলে নিয়মনীতি না মানা, সড়ক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির ঘাটতি এবং শিশুদের সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে অজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, শিশুদের সড়ক নিরাপত্তার বিষয়ে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ ও সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। সড়ক দুর্ঘটনায় শিশুদের মৃত্যু ও পঙ্গুত্বের ঘটনা তাদের ভবিষ্যৎ সম্ভাবনার পাশাপাশি দেশের জন্যও বড় ক্ষতি। তাই শিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কব্যবস্থার উন্নয়ন, আইন প্রয়োগ এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা