× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রবা প্রতিবেদক, ঢাকা ও খুলনা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ০৮:১৭ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাট সফর করবেন আজ বৃহস্পতিবার। সফরকালে বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সফরসূচি অনুযায়ী, সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। ১০টা নাগাদ আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা জেলার দাকোপ উপজেলায় অবস্থিত নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।

বিকালে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকাল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি এবং বিকাল ৫টায় ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিনিয়োগ ও শিল্পায়নের পাশাপাশি দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশা করছেন স্থানীয়রা। দাকোপের দুর্গম নলিয়ান ও আশপাশের মানুষের প্রধান দাবি সুপেয় পানি, চিকিৎসাসেবা, নদীভাঙন রোধ এবং উন্নত যোগাযোগব্যবস্থা। সুতারখালীর বাসিন্দা সুভাষ দত্ত বলেন, এলাকায় হাসপাতাল না থাকায় চিকিৎসা নিতে দুর্ভোগ পোহাতে হয়। সেখানে একটি হাসপাতাল স্থাপনের দাবি জানাতে চান তারা।

দাকোপের ইসরাফিল বলেন, সুপেয় পানির সংকটে অনেক মানুষ নদী ও পুকুরের পানি পান করতে বাধ্য হন। নিরাপদ পানির ব্যবস্থা করা গেলে পানিবাহিত রোগের ঝুঁকি কমবে। সুতারখালীর আবুবকর জানান, সড়কের বেহাল দশায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে ভোগান্তি হয়, ব্যাহত হয় ব্যবসা-বাণিজ্যও। তিনি ঢাকুপাড়া থেকে কালকী পর্যন্ত পাকা সড়ক নির্মাণের দাবি জানান। নলিয়ানের সুদ্বীপ বিশ্বাস বলেন, নদীবেষ্টিত এ অঞ্চলে ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।

খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ওই অঞ্চলে ঈদের মতো আমেজ কাজ করছে। আশা করছি এলাকাবাসীর চাওয়া-পাওয়ার অনেকটাই পূরণ হবে। আর খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, এলাকার উন্নয়ন, এলাকাবাসীর উন্নয়ন দেখতে এবং কীভাবে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায়, তা সরেজমিনে দেখতে আসছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা