সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৭:২৯ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৭:২৯ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফাইল ছবি
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় কড়াকড়ি ও সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সংশ্লিষ্ট অন্তত ১৩৪টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এতে দুই দেশের মধ্যে যাতায়াতকারী ২০ হাজার ২৫৪ জন যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।
আজ বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সার্বিক পরিস্থিতির কারণে এখন পর্যন্ত সরাসরি রুটের ৬১টি এবং বিভিন্ন দেশের ওপর দিয়ে পরিচালিত ট্রানজিট রুটের ৭৩টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির মোট ২২টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এছাড়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) ১৯টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনস ও রিয়াদ এয়ারওয়েজের ১০টি করে সরাসরি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন দেশের ওপর দিয়ে পরিচালিত ৭৩টি ট্রানজিট ফ্লাইটের সূচিও ওলটপালট হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় বেসরকারি এয়ারলাইনস ইন্ডিগো; সংস্থাটির ২৮টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যভিত্তিক এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, ওমানের সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
হঠাৎ ফ্লাইট বাতিল ও দফায় দফায় সময়সূচি পরিবর্তনের কারণে সৌদি আরবগামী প্রবাসী কর্মী এবং দেশে ফেরার অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীরা বিমানবন্দরে এসে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে পড়েছেন।