প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৪:৪৭ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৪:৪৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখতে বৃহস্পতিবার খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-০১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে গত ১৮ অক্টোবর এই তথ্যে জানানো হয়েছে।
এতে বলা হয়, সফরে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা নৌঘাঁটিতে সভা এবং মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টায় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ শেষে খুলনার দাকোপ হয়ে লঞ্চে মোংলা নৌঘাঁটিতে পৌঁছাবেন তিনি।
দুপুরে নৌঘাঁটির ওয়ার্ডরুমে সভায় যোগ দেবেন সরকার প্রধান। এতে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
পরে বিকেলে মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন তারেক রহমান।