প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৩:২১ পিএম
সড়ক দুর্ঘটনা। ছবি: বাসস
গত ১৩ বছরে দেশে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন মানুষের। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যবেক্ষণ করে এ পরিসংখ্যান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ অভিযোগ করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
সংগঠনটি জানায়, ২০১৪ সাল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দুর্ঘটনার এ হিসাব গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তৈরি। হাসপাতালের তথ্য যুক্ত হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনা কমাতে ১০ দফা সুপারিশও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু, চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করা, মহাসড়কে ফুটপাত ও সার্ভিস লেন নির্মাণ, সড়কের নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা, চাঁদাবাজি বন্ধ এবং মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল থেকে প্রত্যাহার।
সড়কে প্রাণহানি কমাতে সমন্বিত পরিবহন পরিকল্পনা, উন্নত গণপরিবহনব্যবস্থা ও আইন প্রয়োগ জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
যাত্রী কল্যাণ সমিতির মতে, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালক, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ত্রুটিপূর্ণ সড়ক এবং ট্রাফিক আইন অমান্য করা দুর্ঘটনার অন্যতম কারণ। পাশাপাশি পরিবহন খাতে চাঁদাবাজি ও অনিয়ম পরিস্থিতিকে আরও জটিল করেছে।