× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

প্রবা প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ২২:১০ পিএম

সৌদি আবরের পতাকা। ফাইল ছবি

সৌদি আবরের পতাকা। ফাইল ছবি

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির সাজার বিষয়ে আগে থেকে কিছুই জানত না জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের দুই সপ্তাহ আগে পাওয়া বন্দীদের তালিকাতেও তাদের মৃত্যুদণ্ডের কোনো তথ্য ছিল না। এ ছাড়া দেশটিতে সাইবার অপরাধ ও ব্যভিচারের অভিযোগে অতীতে কোনো বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের নজির নেই বলেও জানিয়েছে মিশন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো জেদ্দা কনস্যুলেটের একটি ‘গোপনীয়’ চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১৮ অক্টোবর পাঠানো ওই চিঠি অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার। তারা দুজনই ‘আল মাজাল কোম্পানিতে’ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে সৌদি আরবে আটক ছিলেন।

জেদ্দা কনস্যুলেটের শ্রম উইংয়ের পাঠানো চিঠিতে বলা হয়, বন্দীদের তালিকা অনুযায়ী, ২০২৩ সালের ১ আগস্ট সৌদি আরবের সাইবার অপরাধ আইনে নজরুলকে আটক করা হয়। পরদিন ব্যভিচারের অভিযোগে আটক হন সুইটি আক্তার। এরপর নজরুল জেদ্দা সংশোধনাগারে এবং সুইটি জেদ্দা মহিলা কারাগারে বন্দী ছিলেন।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর কনস্যুলেটের হাতে আসা বন্দীদের তালিকায় রায় ঘোষিত কয়েদিদের সাজার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার জন্য নির্ধারিত ৭ নম্বর কলামেও এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কোনো তথ্য উল্লেখ ছিল না। সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আগে কিছুই জানায়নি।

চিঠিতে আরও বলা হয়েছে, সৌদি আরবে সাইবার অপরাধ এবং ব্যভিচারের অভিযোগে এর আগে কোনো বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের নজির কনস্যুলেটের জানা নেই। এ কারণে দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ, মামলার বিচারপ্রক্রিয়া ও সাজার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি ‘নোট ভার্বাল’ (কূটনৈতিক পত্র) পাঠিয়ে রায়ের কপি ও মামলার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তবে বিচার চলাকালে আসামিদের পক্ষে কোনো দোভাষী বা আইনি প্রতিনিধি ছিলেন কি না, সে বিষয়ে চিঠিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। চিঠি অনুযায়ী, দুই বন্দীর পরিবারের পক্ষ থেকেও আইনি সহায়তা চেয়ে কনস্যুলেটে কোনো আবেদন বা যোগাযোগ করা হয়নি।

চিঠিতে আরও বলা হয়, সৌদি আরবের অপরাধ আদালতসহ অন্যান্য আদালতে শুনানির সময় ‘মারকাযুত তারজামাহ আল মুওয়াহহাদ’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অনুবাদ সহায়তা নেওয়া হয়। এ ব্যবস্থায় বিচারিক কার্যক্রমে আসামির পক্ষে অনুবাদক হিসেবে বাংলাদেশ মিশনের সরাসরি যুক্ত হওয়ার সুযোগ থাকে না।

কনস্যুলেটের আওতাধীন সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারগুলোতে বিভিন্ন ধরনের চারিত্রিক মামলায় বর্তমানে ৩০৬ জন বাংলাদেশি আটক রয়েছেন বলে চিঠিতে জানানো হয়। তাদের মধ্যে ১৪৭ জনের বিরুদ্ধে সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মক্কায় সাইবার বা তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা আরও তিনটি পৃথক মামলায় আসামিদের সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চিঠির তথ্য অনুযায়ী, নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের মামলার রায়, তাদের বিরুদ্ধে থাকা সুনির্দিষ্ট অভিযোগ এবং বিচারপ্রক্রিয়ার বিস্তারিত এখনো জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে রায়ের অনুলিপি ও মামলার নথি পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত ও স্পষ্ট তথ্য জানা সম্ভব হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা