সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী শুক্রবার দেশে পৌঁছাবে।
আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ‘বিএস ৩৬২’-যোগে শাহেদের মরদেহ ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। পরদিন শুক্রবার ঢাকা সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
নিহত শাহেদ আহম্মেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। গত ১০ অক্টোবর বেলা ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় তিনি প্রাণ হারান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান ‘সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি’ থেকে তার বকেয়া বেতন-ভাতা এবং সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল (সমপরিমাণ প্রায় ৯ লাখ টাকা) ইতিমধ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়েছে। এই অর্থ অতি দ্রুত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহত কর্মীর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।