ছবি: এআই
দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন ৪২ জন এবং হামের উপসর্গ থাকা নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২১৭ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ১৯ অক্টোবর সকাল আটটা থেকে ২০ অক্টোবর সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও রোগটির উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। মৃত ব্যক্তিরা ঢাকা, ময়মনসিংহ ও নোয়াখালী জেলার (বিভাগ হিসেবে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম)। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০০ জনের মৃত্যু হলো। আর একই সময়ে রোগটিতে আক্রান্ত নিশ্চিত রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪২ জনসহ ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৯৯। এ ছাড়া গত ২৪ ঘণ্টার ১ হাজার ২১৭ জনসহ এ সময়ে মোট হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।