× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

রংপুর অফিস

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৩:১৩ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ১৫:৪২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের পাগলাপীরে রাস্তার পাশে সমবেত হাজার হাজার মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের পাগলাপীরে রাস্তার পাশে সমবেত হাজার হাজার মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ছবি: পিএমও

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, এই দেশ সবার। মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছেন। এখন সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়ার কাজ করতে হবে।

শারদীয় দুর্গা উৎসবের মহানবমীতে ঢাকার বাইরে পুজোমণ্ডপ দেখতে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের আগে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর পাগলাপীরে পথসভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দপুর থেকে রংপুরে যাওয়ার পথে তাকে স্বাগত জানাতে সড়কের পাশে জড়ো হওয়া হাজারো মানুষের উদ্দেশে তিনি বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই দেশ আমাদের সবার। আজ থেকে আসুন, আমরা সবাই মিলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে কাজ করার অঙ্গীকার করি। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান—যে ধর্মেরই হই না কেন, আমাদের সবার লক্ষ্য হোক একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা”।

মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষের ঐক্য ও সম্মিলিত অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, “আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশ গড়তে চাই”।

প্রধানমন্ত্রী বলেন, “মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। তাই দেশের উন্নয়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বও সবার। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সম্মিলিত পরিশ্রমের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে”।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে”।

এ ছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়ন ও প্রয়োজন পূরণে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে”।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় সামরিক উড়োজাহাজে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।

সেখানে তাকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ অন্যরা।

রংপুরে প্রধানমন্ত্রী রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর রাজশাহীতে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

পরে চট্টগ্রামের রহমতগঞ্জে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে আজ রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা