× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ তিন বিভাগে সফর প্রধানমন্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ০৮:২৪ এএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ০৮:২৪ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার একই দিনে এই তিন জেলায় সংক্ষিপ্ত সফরে যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সোমবার এসব তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সকালে প্রথমে যাবেন রংপুরে। এরপর সেখান থেকে যাবেন রাজশাহী ও চট্টগ্রামে। তিনি সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে এ সফর শুরু করবেন।

আতিকুর রহমান রুমন আরও বলেন, এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন রাতেই তিনি ঢাকা ফিরবেন।

সফরসূচি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি। এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন।

রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন। 

এর আগে গত রবিবার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।

আমাদের চট্টগ্রাম অফিস জানিয়েছে, জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে হোটেল র‍্যাডিসন ব্লুতে ফিরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানিয়েছেন, সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। গত ৯ আগস্টের সভার তুলনায় এবার নেতাকর্মীদের সংখ্যা কম রাখা হয়েছে।

এদিকে আজ সকালে চট্টগ্রামে আসবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, আমিরে জামায়াত সকালে চট্টগ্রামে আসবেন। সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিনি আসবেন এবং সাংগঠনিক প্রোগ্রামগুলোতে অংশ নেবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা