প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৪:৩৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ২১:৩০ পিএম
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়ে অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে পর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এর আগে সোমবার সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগ করার কথা জানান ইশরাক হোসেন।
পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, তিনি আজ বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
রবিবার রাতে ইশকারকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর একের পর এক ফেসবুক পোস্ট ও হোয়াটসঅ্যাপে অডিও বার্তা দিয়ে সংবাদটিকে ‘গুজব’ বলে দাবি করেছিলেন ইশরাক হোসেন। তার প্রেস কর্মকর্তাও সংবাদটিকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছিলেন।
গত শনিবার আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনার পর গতকাল রবিবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ দিন বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর ইশরাক হোসেনকে ডেকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে রাতে খবর ছড়িয়ে পড়ে। তবে ইশরাক হোসেন বিষয়টিকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে গণমাধ্যমে পাঠানো এক অডিওবার্তায় দাবি করেন।