প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১২:১৯ পিএম
সোমবার রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত
এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ ও বর্ণিল পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
তিনি বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে দুর্গাপূজায় যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়, তা সারা বছর বজায় রাখা প্রয়োজন।
সোমবার সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
দিনেশ ত্রিবেদী বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে দুর্গাপূজার উদ্যাপনে অংশ নিয়ে তিনি নিজের দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছেন।
সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।’
এ সময় দেশ ও মানুষের শান্তি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন ভারতীয় হাইকমিশনার।
বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা উৎসবমুখর পরিবেশে শেষ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতেও মানুষের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।