প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২২:৫২ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ২২:৫৯ পিএম
সচিবালয়। ছবি: সংগৃহীত
প্রশাসনে রদবদলের অংশ হিসেবে সচিব পদে পদোন্নতি, বদলি ও পদায়ন করে একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব জেতী প্রূ স্বাক্ষরিত পৃথক ১০ প্রজ্ঞাপনে রবিবার ১০ জন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তনের কথা জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) ড. মো. কামরুজ্জামানকে (নাডা) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
অন্যদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে পদায়ন করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে পদায়ন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তারকে সরকারের সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির (নাডা) রেক্টর (সচিব) পদে পদায়ন করা হয়েছে।