শামীমের অডিও ফাঁসে জড়িতরা অধরা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২১:০৭ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ২১:৩৪ পিএম
র্যাবের হাতে গ্রেপ্তার প্রধান আসামি ফজলুল হক আমিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেসবুক লাইভে এসে বলেছিলেন, ‘পুলিশ ধরতে চাইলে পালাব না, গ্রেপ্তারের ভয়ও পাই না।’ কিন্তু সাতক্ষীরার দেবহাটায় ওহিদুজ্জামান শামীম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হওয়ার পর আত্মগোপনে চলে যান প্রধান আসামি ফজলুল হক আমিনী। নিজের মুঠোফোন ও সিম বন্ধ রেখে অন্যের সিম ব্যবহার করেও শেষ রক্ষা হয়নি তার। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এদিকে শামীম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার হলেও নিহতের পরিবারের অভিযোগ—স্বামী-স্ত্রীর ব্যক্তিগত কথোপকথন গোপনে ধারণ করে ছড়িয়ে দেওয়া প্রতিবেশী ভাই-বোন এখনো গ্রেপ্তার হননি।
কোর্ট পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দেবহাটার আমলি আদালতের বিচারক নুসরাত জাহানের আদালতে শামীম হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি ফজলুল হক আমিনী। দোষ স্বীকার করায় পুলিশের আর রিমান্ডের প্রয়োজন হয়নি। জবানবন্দি গ্রহণের পর রাতে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বিকেলে পুলিশ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছিল।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, শামীম হত্যা মামলায় এর আগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।
এর আগে শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করে পুলিশ ও স্পেশাল রিজার্ভ ফোর্সের (এসআরএফ) একটি যৌথ দল। সাতক্ষীরা এসআরএফ-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েনউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আমিনীর কাছে তার নিজস্ব মুঠোফোন ছিল না। তিনি অন্যের একটি সিম ও ফোন ব্যবহার করছিলেন। ওই সিম ব্যবহার করে একজনের সঙ্গে নিজের পরিচয় দিয়ে কথা বলার সূত্র ধরে প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।
গ্রেপ্তারের দুদিন আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আমিনী দাবি করেছিলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে পারুলিয়ার এক যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তিনি বলেছিলেন, এ ধরনের ঘটনা ঘটলে তিনি নিজ উদ্যোগে নেতৃত্ব দিয়ে থাকেন। ফেসবুকে পোস্ট ও লাইভ দিয়ে মানুষ জড়ো করার কথাও স্বীকার করেছিলেন তিনি। তখন তিনি আস্ফালন করে বলেছিলেন, প্রশাসন গ্রেপ্তার করলেও তার আপত্তি নেই; ফাঁসি বা কারাদণ্ড হলেও আফসোস থাকবে না। কিন্তু গত বৃহস্পতিবার রাতে মামলা হওয়ার পরই এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। শামীমকে পিটিয়ে হত্যার পর ফেসবুক লাইভে তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনাকে তোয়াক্কা করেন না বলেও মন্তব্য করেছিলেন আমিনী।
নিহত শামীমের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তার ও তার স্ত্রীর মধ্যকার একটি ব্যক্তিগত কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে ধর্ম অবমাননাকর বক্তব্য রয়েছে অভিযোগ তুলে প্রথম দফায় শামীমের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করা হয়।
পরদিন মঙ্গলবার সন্ধ্যায় কুলিয়া বাজারের পল্লী চিকিৎসক আবদুস সবুরের চেম্বারে চিকিৎসা নিতে গেলে সেখানে ‘তৌহিদী জনতা’র ব্যানারে হামলা চালানো হয়। অসুস্থ শামীমকে সেখান থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে হাসপাতালেও তার ওপর হামলা থামেনি। দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম জানান, শামীমকে হাসপাতালে ভর্তি করার পর শতাধিক লোক জোরপূর্বক ওয়ার্ডে ঢুকে তাকে আবার মারধর শুরু করেন। হাসপাতালের নিরাপত্তাকর্মী, আনসার সদস্য ও স্বাস্থ্যকর্মীরা তাদের থামাতে ব্যর্থ হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডা. সাইফুল ইসলাম আরও জানান, হাসপাতালের কয়েকটি সিসিটিভি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন থাকায় সব ফুটেজ দেখা যায়নি। পুলিশ এখনো ফুটেজ চায়নি, তবে হাসপাতাল কর্তৃপক্ষ ফুটেজ সংরক্ষণের চেষ্টা করছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও সরকারি হাসপাতালে হামলা, ভাঙচুর ও চিকিৎসাকাজে বাধা দেওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় পর্যায়ে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ঘটনার পরদিন তিনি বিস্তারিত প্রতিবেদন আকারে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, সিভিল সার্জন, ইউএনও এবং দেবহাটা থানার ওসিকে লিখিতভাবে জানিয়েছেন।
শামীম হত্যার ঘটনায় প্রধান আসামি আমিনী গ্রেপ্তার হলেও তার পরিবারের ক্ষোভ কাটেনি। তাদের অভিযোগ, পারিবারিক একটি কথোপকথন গোপনে রেকর্ড করে স্থানীয় একটি রাজনৈতিক দলের ওয়ার্ড কার্যালয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকেই উত্তেজনা ছড়ানো হয়।
নিহত শামীমের বড় ভাই ও মামলার বাদী আবদুল জলিল বলেন, আমিনী গ্রেপ্তার হওয়ায় তারা কিছুটা স্বস্তি পেলেও মূল ষড়যন্ত্রকারীরা এখনো বাইরে। তিনি অভিযোগ করে বলেন, বড়শান্তা গ্রামের আবুল কাশেমের ছেলে প্রতিবেশী হোসেন আলী ও তার বোন মোসলেমা খাতুন গোপনে ওই কথোপকথন রেকর্ড করে জামায়াতের ৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে দেন। এরপর ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম গাজীর নেতৃত্বে প্রথম দফায় বাড়িতে হামলা হয়।
আবদুল জলিল দাবি করেন, ‘যারা গোপনে ভাইয়ের ব্যক্তিগত কথা রেকর্ড করে উত্তেজনা ছড়িয়েছে, সেই হোসেন আলী, মোসলেমা খাতুন ও কামরুল ইসলাম গাজীসহ হামলায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে। ভবিষ্যতে যেন কাউকে এভাবে বিনা বিচারে পিটিয়ে হত্যা করা না যায়।’ অডিও ধারণের অভিযুক্ত হোসেন আলী ও তার বোন বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেবহাটার পারুলিয়া এলাকায় ফজলুল হক আমিনী অত্যন্ত বেপরোয়া হয়ে ওঠেন এবং সেখানে ‘মব সন্ত্রাসের গডফাদার’ হিসেবে পরিচিতি পান। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভিড় উসকে দেওয়া ও গণপিটুনিতে নেতৃত্ব দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ২০২৫ সালের মে মাসে ধর্ম অবমাননার অভিযোগ এনে পারুলিয়ার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে মারধর করেন আমিনী ও তার লোকজন। একই বছরের অক্টোবরে সোহাগ হোসেন নামের এক যুবকের বাড়িতে হামলা ও গণপিটুনি দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাতেও আমিনী জড়িত ছিলেন। এসব ঘটনার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে এবং ভুক্তভোগীরা ভয়ে তাঁর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সাহস পাননি।
এ বিষয়ে মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীরই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। ধর্ম অবমাননার অভিযোগ থাকলেও প্রচলিত আইনেই তার তদন্ত ও বিচার হওয়া উচিত। অভিযোগ তুলে কাউকে পিটিয়ে হত্যা করা অত্যন্ত গুরুতর অপরাধ। শামীম হত্যার ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ‘মব সহিংসতা’ ঠেকাতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।