চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৯:৩৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে আগামী মঙ্গলবার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সকালে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে নগরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও। দুই শীর্ষ নেতার আগমনকে ঘিরে নগরজুড়ে প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুর্গোৎসব উপলক্ষে দেশের কোনো প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এবারই প্রথম। এতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জেলা প্রশাসন, মহানগর বিএনপি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং আর্থিক অনুদান দেবেন। এরপর হোটেল র্যাডিসন ব্লুতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন। রাতে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি হোটেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বসবেন।
সাংগঠনিক সভা প্রসঙ্গে মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। গত ৯ আগস্টের সভার তুলনায় এবার নেতা-কর্মীদের সংখ্যা কম রাখা হবে।
সফর ও পূজা উপলক্ষে নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য দায়িত্বে থাকবেন।
এসআরবি-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে এসএসএফের নির্দেশনা ও সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব, পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। নগরে প্রায় ২ হাজার ৬০০ পূজামণ্ডপে নিয়মিত পরিদর্শন, মোবাইল টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।
নিরাপত্তার পাশাপাশি সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও ফুটপাত দখলমুক্ত করার কাজও চলছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রশাসন, সিটি করপোরেশন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নের অংশ হিসেবে তার চট্টগ্রাম আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ আগমন সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
একই দিন সকালে চট্টগ্রামে আসবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, আমিরে জামায়াত আগামী মঙ্গলবার সকালে চট্টগ্রামে আসবেন। সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিনি আসবেন এবং সাংগঠনিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন।