ঢাকা সেনানিবাসে রবিবার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে সশস্ত্র বাহিনীর পারস্পরিক সম্পর্ক, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে কথা হয়।
ঢাকা সেনানিবাসে রবিবার সশস্ত্রবাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো (Antonio Alessandro)।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সুদৃঢ় ও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহের সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পায়। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ও ইতালির ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রশিক্ষণের সুযোগ নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির অংশীদারত্ব এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।