স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুর্গোৎসবের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুভেচ্ছা বাণীতে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সারাদেশে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য আবহ তৈরি হয়”।
তিনি বলেন, “দুর্গাপূজার মধ্য দিয়ে সমাজে বিরাজমান সব ধরনের বৈষম্য ও অবিচারের অন্ধকার দূর হয়ে সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের নতুন ভোরের সূচনা হোক। শাশ্বত বাংলার আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্য অক্ষুণ্ন থাকুক- এটাই প্রত্যাশা”।
শুভেচ্ছা বাণীতে তিনি আরও বলেন, “উৎসবের দিনগুলো সবার জীবনে অফুরন্ত প্রেরণা বয়ে আনুক এবং আগামী দিনগুলোকে সাফল্যমণ্ডিত ও আনন্দমুখর করে তুলুক। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক”।
সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির মহান চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।