ইউএনবি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২১:২৪ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সরকারি সেবা গ্রহণ সহজ করা এবং সংসদে সংরক্ষিত প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনাসহ তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘আমরা (কাজ) শুরু করেছি, কতটুকু করতে পারব কাজগুলো, বলতে পারি না, তবে এতটুকু আপনাদেরকে বলতে পারি, এই কাজগুলো করার ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা পাবেন।’
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকবে এবং তারা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন ও নিজেদের অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে কাজ করবে।
তিনি আরও বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা কিছুটা বাড়িয়েছে, যদিও তাদের সব চাহিদা পূরণের জন্য এটা যথেষ্ট নাও হতে পারে।
তারেক রহমান বলেন, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা কিছুটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।
বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের যোগাযোগ ও সরকারি সেবা গ্রহণে যেন সমস্যা না হয়, সে জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাংকেতিক ভাষার সেবা চালুর বিষয়টি খতিয়ে দেখতে আগামী দু-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, এ ধরনের প্রতিবন্ধিতা থাকা রোগীরা যাতে নিজেদের চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনের কথা বোঝাতে পারেন, সে জন্য হাসপাতালে সাংকেতিক ভাষার সহায়তা দেওয়ার ব্যবস্থা বিবেচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও বলা হবে।
এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে দক্ষতা প্রশিক্ষণ, বিশেষ করে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপায় খতিয়ে দেখতে সমাজকল্যাণমন্ত্রীকে নির্দেশ দেন তারেক রহমান।
শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি বিবেচনা করতে শিক্ষা মন্ত্রণালয়কে বলবেন বলে জানান তিনি।
সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনের বয়সসীমা অন্তত এক থেকে দুই বছর বাড়ানো যায় কি না, তা পর্যালোচনা করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন বলে জানান প্রধানমন্ত্রী।
এছাড়া পরিবহনব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, নতুন চালু হওয়া গোলাপি বাসে প্রতিবন্ধী নারীদের যাতায়াতের সুবিধা বাড়ানোর উপায় খতিয়ে দেখা হবে। পাশাপাশি ঢাকা ও অন্যান্য বড় শহরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা বাস চালুর বিষয়টিও বিবেচনা করা হবে।
তারেক রহমান বলেন, ভবনের নকশায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের ব্যবস্থা নিশ্চিত করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের সুবিধা না থাকলে নকশার অনুমোদন দেওয়া হবে না। সরকারি ভবনের পাশাপাশি সংশ্লিষ্ট অনুমোদন প্রক্রিয়ার আওতাভুক্ত বেসরকারি ভবনের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য হবে।
প্রতিবন্ধী কৃষকদের বিশেষ সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে কৃষি মন্ত্রণালয়কে এবং দেশে প্রতিবন্ধী ব্যক্তির সঠিক সংখ্যা নিরূপণে পরিসংখ্যান ব্যুরোকে উদ্যোগ নিতে বলবেন বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বের দাবির বিষয়ে তিনি বলেন, এর সঙ্গে সাংবিধানিক বিষয় জড়িত এবং এ নিয়ে তার দলের ভেতরে আলোচনা প্রয়োজন।
তবে এটি সম্ভব হলে সংসদে একজন নারী ও একজন পুরুষ প্রতিবন্ধী ব্যক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যবস্থা বিবেচনা করা হবে বলে জানান তিনি।
প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, এ সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা স্মারক আইনি সহায়তা নিশ্চিত করার উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা করবে।
প্রধানমন্ত্রী বলেন, অনেক মানুষ প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ পাননি। প্রতিবন্ধী ব্যক্তি ও বাড়তি সহায়তার প্রয়োজন থাকা অন্যান্য জনগোষ্ঠীর প্রতি সরকার ও সমাজ—উভয়েরই দায়িত্ব রয়েছে।
মতবিনিময়ে উত্থাপিত সমস্যাগুলোর অন্তত কিছু সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, প্রত্যেকেরই এই সমাজে বেঁচে থাকার অধিকার আছে এবং সম্মানের সঙ্গে ও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও বিভিন্ন দাবি শোনেন।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলালের সঞ্চালনায় সভায় প্রায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
তারা বাজেটে বরাদ্দ বাড়ানো, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ততা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি জানান।
মতবিনিময়ের একপর্যায়ে প্রতিবন্ধী ক্রীড়াবিদ মোহাম্মদ মহসিন জানান, তিনি প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে একটি ক্যাপ এনেছেন।
তারেক রহমান মঞ্চ থেকে নেমে এসে ক্যাপটি গ্রহণ করেন। এ সময় মহসিনের দলকে বিদেশে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের অনুরোধে তাদের সঙ্গে দলীয় ছবি তোলেন প্রধানমন্ত্রী।
সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।