× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইবার স্ক্র্যামার চক্র

লাখো মানুষের পকেট কাটছে বিদেশিরা

ফরহাদ সুমন, চট্টগ্রাম

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১০:৩৭ এএম

লাখো মানুষের পকেট কাটছে বিদেশিরা

কম্পিউটার আর স্মার্টফোনের পর্দার আড়ালে বসে একদল অদৃশ্য অপরাধী নিয়ন্ত্রণ করছে এক অন্ধকার সাম্রাজ্য। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক সাইবার প্রতারণার বিশাল এক করপোরেট নেটওয়ার্ক। এই চক্রের ফাঁদে পড়ে প্রতিদিন নিঃস্ব হচ্ছেন লাখো মানুষ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, এটি অত্যন্ত সুসংগঠিত, বহুজাতিক ও বহুমাত্রিক একটি অপরাধ চক্র। চীন, লাওস, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে অনলাইন প্রতারণা নিয়ে ব্যাপক অভিযান শুরু হওয়ায় প্রতারকেরা এখন বাংলাদেশকে নিরাপদ ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে। তারা মূলত পার্সেল ও কাস্টমস স্ক্যাম, ভুয়া ইনভেস্টমেন্ট ও টাস্ক অ্যাপ ও জরুরি ওটিপি বা ব্যাংক জালিয়াতিÑ এই তিন প্রধান কৌশলে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ ছাড়া আর্থিক জালিয়াতি, ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যার আক্রমণ, পরিচয় চুরি ও ব্ল্যাকমেইল, বিজনেস ইমেইল কম্প্রোমাইজ, ভুয়া কল সেন্টার এবং মানব পাচারও করছে তারা। দেশি-বিদেশি সহযোগীদের নিয়ে বিভিন্ন নামসর্বস্ব কোম্পানির আড়ালে গড়ে তোলা হয়েছে এই প্রতারণার সাম্রাজ্য, যার সঙ্গে বিদেশে অবস্থানরত কিছু বাংলাদেশিও জড়িত।

চট্টগ্রামে এ ধরনের একটি আন্তর্জাতিক সাইবার স্ক্যামার চক্রের সন্ধান পেয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। নগরীর খুলশীতে একটি কনসালট্যান্সি ফার্মের আড়ালে এই প্রতারণার ফাঁদ তৈরির মূল হোতা এলেন লি নামের এক চীনা নাগরিক। তাকে এই কাজে সহায়তা করেছেন তাইওয়ানে বসবাসরত চট্টগ্রামের ব্যবসায়ী আবেল আহমেদ।

৪ সেপ্টেম্বর নগরের দক্ষিণ খুলশীর স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ২৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১১৮ গ্রাম কোকেন জব্দ করে খুলশী থানার পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলার সূত্র ধরে অনুসন্ধানে নেমে ১০ ও ১১ সেপ্টেম্বর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি ভবনে ঝটিকা অভিযান চালানো হয়। সেখান থেকে ২০ নারী ও ১ শিশুসহ ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তারের পর সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়। এর কয়েক দিন পর গ্রেপ্তার করা হয় দেশীয় এজেন্ট এসএম মহসিনকে।

এই চক্রের বিশালতা ও কার্যক্রম সম্পর্কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ শামীম হোসেন বলেন, ‘কয়েক ধাপে ৬৩ বিদেশিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা এখন যাচাই-বাছাই চলছে। এলেন লি, আবেল আহমেদসহ অনেকেই তদন্তের আওতায় রয়েছেন। তদন্ত চলমান থাকায় এখনই সুনির্দিষ্ট কারও নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’

মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজমের পরিদর্শক মোহাম্মদ রাসেল মাহমুদ বলেছেন, ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ৬৩ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই ভবনে অনলাইন প্রতারণায় ব্যবহৃত আটটি সার্ভার স্টেশন, ৫৭টি ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপসহ ১৭০ ধরনের ডিভাইস এবং ক্যাসিনো সরঞ্জাম ও জুয়া পরিচালনার নানা উপকরণ জব্দ করা হয়েছে।

রাসেল মাহমুদ বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তারা বিভিন্ন অ্যাপে অনলাইন জুয়া পরিচালনা করতেন। তাদের একটি গ্রুপ নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে আর্থিক জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। অননুমোদিত ইলেকট্রনিক লেনদেনের পাশাপাশি লোভনীয় অ্যাপে স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার প্রলোভন দেখানো হতো সাধারণ মানুষকে।’

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, আবেল আহমেদের নির্দেশেই খুলশীতে বিদেশিদের জন্য ভবন ভাড়া করা ও দেখাশোনার কাজ করতেন দেশীয় এজেন্ট এসএম মহসিন। গত ২৯ সেপ্টেম্বর মহসিনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মহসিন জানান, তিনি ২০২০ সাল থেকে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার ‘গোল্ডেন সন লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে সহকারী ম্যানেজার হিসেবে কাজ করতেন। ২০০৩ সালে খোয়াজনগর এলাকায় গড়ে ওঠা এই উৎপাদনমুখী প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাইওয়ানের নাগরিক মিসেস লিন ইউ চেন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তার স্বামী বাংলাদেশি নাগরিক বেলাল আহমেদ। পরিচালকদের তালিকায় রয়েছেন লিন ইউ চেনের বোন লিন সু চিয়াং ও তাদের বাবা লিন সাই সিয়েন। এ প্রতিষ্ঠানে অনেক চীনা প্রকৌশলী কাজ করেন।

মহসিনের ভাষ্যমতে, এমডি বেলাল আহমেদের ছেলে আবেল আহমেদ কারখানার কয়েকটি শাখা দেখাশোনা করতেন এবং মহসিন তার অধীনেই ছিলেন। আবেলের বন্ধু চীনা নাগরিক এলেন লি প্রায়ই ওই কারখানায় আসতেন এবং আবেলের ব্যক্তিগত পাজেরো গাড়ি ব্যবহার করতেন। আবেলই এলেনকে মহসিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেন।

মহসিন পুলিশকে আরও জানান, এলেন একদিন তাকে জানান, তার একটি কনসালট্যান্সি ফার্ম আছে; টিমের সবাই চীনা নাগরিক এবং তারা পরিবার নিয়ে থাকবেন। তাদের জন্য একটি সম্পূর্ণ ভবন ভাড়া লাগবে। পরে মহসিন দক্ষিণ খুলশীর ১ নম্বর সড়কে একটি ভবন ভাড়া করে দেন। তবে সেখানে নানা সমস্যা থাকায় এক মাস পর জালালাবাদ কৃষ্ণচূড়া হাউজিংয়ে একটি আটতলা ভবন ভাড়া করে দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে, রিমান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত আদালতে কোনো স্বীকারোক্তি দিতে রাজি হননি মহসিন। কোকেনের চালানের সঙ্গেও নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি।

বিদেশিদের ভাড়াবাড়ির কঠোর গোপনীয়তা সম্পর্কে ভবনের কেয়ারটেকার মো. ইলিয়াস বলেন, ‘সাবেক দুই সেনা সদস্য মূলত বিদেশি স্ক্যামারদের কড়া নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ফ্ল্যাটে কেয়ারটেকার বা বাইরের কারও প্রবেশের অধিকার ছিল না। বাজারঘাট থেকে শুরু করে রান্নাবান্নার কাজ নির্দিষ্ট কয়েকজন বাঙালি ও পাকিস্তানি করতেন। বিদেশি নাগরিকেরা কখনোই ভবন থেকে বাইরে বের হতেন না।’

গোয়েন্দা কর্মকর্তাদের মতে, মানুষের মনস্তত্ত্ব, ভয় ও লোভকে কাজে লাগিয়ে ফাঁদ পাতে অপরাধীরা। ব্যাংক কর্মকর্তা সেজে ওটিপি, পিন বা পাসওয়ার্ড চুরি, লোভনীয় অফারের ভুয়া লিংক পাঠিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক, ঘরে বসে পার্টটাইম কাজ বা ইউটিউব ভিডিও লাইক করে দৈনিক হাজার টাকা আয়ের ফাঁদ, কিংবা সামাজিক মাধ্যমে ভুয়া প্রোফাইল খুলে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে তারা। দেশের ৭০ থেকে ৭৫ শতাংশ মোবাইল ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে আসা ভুয়া মেসেজে ক্লিক করেন। হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে আসা ছবি ডাউনলোড করলেই মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা উধাও হয়ে যেতে পারে।

অনুসন্ধানে জানা যায়, স্ক্যামের টাকা কখনোই সরাসরি বিদেশে যায় না। এর পেছনে একটি ‘ত্রিভুজ নেটওয়ার্ক’ কাজ করে। অপরাধীরা দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে শত শত বিকাশ ও নগদ অ্যাকাউন্ট খোলে। প্রতারণার টাকা প্রথমে এই অ্যাকাউন্টগুলোতে আসে। টাকা আসার সঙ্গে সঙ্গেই ঢাকার কিছু পিটুপি ট্রেডার বা এজেন্ট সেই টাকা দিয়ে ‘বাইনান্স’ বা অন্য প্লাটফর্ম থেকে ইউএসডিটি কিনে নেন। এই ক্রিপ্টো ডলার মুহূর্তের মধ্যে হাতবদল হয়ে ডার্ক ওয়েবে থাকা আন্তর্জাতিক স্ক্যামারদের মূল ওয়ালেটে চলে যায়। ফলে বাংলাদেশের ব্যাংকিং চ্যানেল ব্যবহার হলেও ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা