× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববাজারে দাম বাড়ে কমে, দেশে শুধু বাড়ে

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১০:১৬ এএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ১০:১৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম ওঠানামা করলেও বাংলাদেশের বাজারে গত পাঁচ বছরে এই ভোজ্য তেলের দাম ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২১ সালে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৩০ টাকা, যা বর্তমানে ২০৪ টাকা। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে লিটারপ্রতি দাম বেড়েছে ৭৪ টাকা। অথচ বিশ্ববাজারে ২০২৪ সালে সয়াবিন তেলের গড় দাম ২০২২ সালের তুলনায় প্রায় ৩৯ শতাংশ কমেছিল। সেই দরপতনের সুফল দেশের ভোক্তারা পাননি।

বিশ্বব্যাংকের পণ্যবাজার বিষয়ক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে কয়েক দফায় সয়াবিন তেলের দাম বেড়েছে ও কমেছে। কিন্তু দেশের বাজারে দাম কমার প্রবণতা দেখা যায়নি। আমদানিকারকদের দাবি, ডলারের মূল্যবৃদ্ধি এবং আমদানি সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে তার প্রভাব পড়ছে না। তাদের হিসাবে, গত পাঁচ বছরে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৪ টাকা বাড়ার ৬০ থেকে ৭০ শতাংশের জন্য দায়ী ডলারের মূল্যবৃদ্ধি।

তবে আমদানিকারকদের এই যুক্তি মানতে নারাজ ভোক্তা অধিকারকর্মীরা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের ব্যবসায়ীরা দ্রুত দাম বাড়ানোর উদ্যোগ নেন। কিন্তু বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারে তার প্রতিফলন দেখা যায় না।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিশ্ববাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের দেশের ব্যবসায়ীরা দাম বাড়ানোর তোড়জোড় শুরু করে দেন। কিন্তু বিশ্ববাজারে যখন দাম কমে, তখন এখানে দাম কমানোর কোনো প্রক্রিয়া আমরা দেখি না।

তিনি বলেন, আমরা চাই, বিশ্ববাজারে যখন দাম বাড়বে, তখন যৌক্তিক হারে দেশে দাম বাড়ুক, সমস্যা নেই। কিন্তু বিশ্ববাজারে দাম কমলে তখনও দেশে দাম কমাতে হবে। অন্যথায় ভোক্তাদের সঙ্গে অবিচার করা হবে।

বিশ্বব্যাংকের পণ্যবাজার বিষয়ক তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের গড় দাম ছিল ১ হাজার ৪৩৪ ডলার। এরপর দাম বেড়ে ২০২২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে প্রতি টনের গড় মূল্য দাঁড়ায় ১ হাজার ৮৮৭ ডলারে। এরপর আন্তর্জাতিক বাজারে দাম কমতে শুরু করে। ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি টন সয়াবিন তেলের গড় দাম নেমে আসে ১ হাজার ১০৫ ডলারে। ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তা আরও কমে দাঁড়ায় ৯৪৯ ডলারে। তথ্য অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৪ সালে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের গড় দাম কমেছিল প্রায় ৩৯ শতাংশ। তবে এই সময়ে বাংলাদেশের বাজারে সয়াবিন তেলের দাম কমেনি। 

২০২৪ সালের পর আন্তর্জাতিক বাজারে আবার সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি টনের গড় দাম বেড়ে দাঁড়ায় ১ হাজার ২৩৭ ডলারে। ২০২৬ সালের জুনে প্রতি টনের দাম বেড়ে হয় ১ হাজার ৭৪০ ডলার। এরপর আবার দাম কমতে শুরু করে। সর্বশেষ ২০২৬ সালের আগস্টে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ১ হাজার ৬৩৮ ডলার। আন্তর্জাতিক বাজারে এভাবে দাম বাড়া-কমার বিপরীতে বাংলাদেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ধারাবাহিকভাবে। ২০২১ সালে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৩০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২০৪ টাকায়। অর্থাৎ পাঁচ বছরে লিটারপ্রতি দাম বেড়েছে ৭৪ টাকা।

আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলেও দেশের বাজারে দাম না কমার পেছনে ডলারের মূল্যবৃদ্ধি এবং আমদানি সংশ্লিষ্ট ব্যয় বেড়ে যাওয়াকে দায়ী করছেন আমদানিকারকরা। তারা বলছেন, পাঁচ বছর আগে প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল প্রায় ৮৫ টাকা। বর্তমানে তা বেড়ে ১২১ থেকে ১২২ টাকায় দাঁড়িয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলেও ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় কমছে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশে ডলারের বিনিময় মূল্য ছিল ৮৪ দশমিক ৯০ টাকা থেকে ৮৫ দশমিক ৮০ টাকা। বর্তমানে প্রতি ডলারের বিনিময় মূল্য ১২১ দশমিক ৭০ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২ অক্টোবর পর্যন্ত চলতি বছরের ৯ মাসে দেশে ১৬ কোটি ৩ লাখ ৫৪ হাজার কেজি অপরিশোধিত (ক্রুড) সয়াবিন তেল আমদানি হয়েছে। আমদানিকারকদের ঘোষণায় এসব তেলের প্রতি কেজির আমদানি মূল্য ছিল ১ দশমিক ১৬ থেকে সর্বোচ্চ ১ দশমিক ২৩ ডলার। গড় আমদানি মূল্য ছিল ১ দশমিক ১৮ ডলার। এই হিসাবে প্রতি ডলারের মূল্য ৮৪ দশমিক ৯০ টাকা ধরলে প্রতি কেজি সয়াবিন তেলের আমদানি মূল্য দাঁড়াত প্রায় ১০০ টাকা। কিন্তু ডলারের বর্তমান বিনিময় মূল্য ধরে এই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪৪ টাকা। অর্থাৎ শুধু ডলারের মূল্যবৃদ্ধির কারণে পাঁচ বছরের ব্যবধানে প্রতি কেজি সয়াবিন তেলের আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৪৪ টাকা। এই হিসাবের ভিত্তিতে আমদানিকারকদের যুক্তি, পাঁচ বছরে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৪ টাকা বাড়ার প্রায় ৬০ শতাংশের কারণ ডলারের মূল্যবৃদ্ধি।

আমদানি ব্যয়ে ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবের আরেকটি উদাহরণ পাওয়া যায় টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আমদানি নথিতে। আমদানি করা ২ হাজার ৫৮৮ টন সয়াবিন তেল খালাসের জন্য গত ২ অক্টোবর কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে প্রতিষ্ঠানটি। নথিতে প্রতি কেজি সয়াবিন তেলের আমদানি মূল্য ঘোষণা করা হয় ১ দশমিক ১৬ ডলার। একই দরে শুল্কায়নও হয়। কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি আমদানি ব্যয় পরিশোধ করেছে প্রতি ডলার ১২২ দশমিক ৭০ টাকা হিসাবে। এই হিসাবে প্রতি কেজি সয়াবিন তেলের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় ১৪২ টাকা।

অন্যদিকে, প্রতি ডলারের মূল্য ৮৫ টাকা ধরে হিসাব করলে প্রতি কেজি সয়াবিন তেলের আমদানি মূল্য দাঁড়াত প্রায় ৯৯ টাকা। অর্থাৎ শুধু ডলারের বিনিময় মূল্যের পার্থক্যের কারণে প্রতি কেজি সয়াবিন তেলের আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৪৩ টাকা।

আমদানিকারকদের এসব হিসাব থেকে বোঝা যায়, ডলারের মূল্যবৃদ্ধি সয়াবিন তেলের আমদানি ব্যয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমার সময় দেশের বাজারে কেন দাম কমেনি, তা নির্ধারণে আমদানি ব্যয়ের পাশাপাশি অন্যান্য ব্যয়, সরবরাহ ব্যবস্থা ও মূল্য নির্ধারণের প্রক্রিয়াও খতিয়ে দেখা প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা