× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক দারিদ্র্যবিমোচন দিবস আজ

অভাবের সঙ্গে ৫৬ বছরের বসবাস

জোসনা জামান

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ০৯:২৮ এএম

অভাবের সঙ্গে ৫৬ বছরের বসবাস

দেশ স্বাধীন হওয়ার ৫৬ বছর চলছে। এতদিনেও দারিদ্র্য নিরসনে মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে শুধু ২০২৫ সালে নতুন করে দরিদ্র হয়েছে ২১ লাখ মানুষ। সামনে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সরকারি তথ্যও বলছে, দারিদ্র্যের হার বৃদ্ধির পাশাপাশি বাড়ছে বৈষম্যও। আগামীতে আরও বাড়বে। তাই এ পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে ৫৫টি কৌশল নিয়েছে সরকার।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে’ দারিদ্র্য ও বৈষম্য পরিস্থিতি তুলে ধরে তা নিরসনে উল্লেখ করা হয়েছে এ কৌশলগুলোর কথা। এমন সময়ে আজ ১৭ অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক দারিদ্র্যবিমোচন দিবস। 

জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিগত পাঁচ দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। তবে, দারিদ্র্য ও বৈষম্য এখনও অন্যতম প্রধান উন্নয়ন চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। দারিদ্র্য হ্রাস, সামাজিক সূচকের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ এবং দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও পেয়েছে বাংলাদেশ। লাখ লাখ মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছিল। চরম দারিদ্র্যের এই হার ১৯৯১-৯২ সালের ৪১ দশমিক ১ শতাংশ থেকে কমে ২০২২ সালে ৯ দশমিক ৩৫ শতাংশে নেমে এসেছিল। একই সময়ে প্রত্যাশিত গড় আয়ু ৫০ বছর থেকে বেড়ে ৭৩ বছর হয়েছে এবং শিশুমৃত্যুর হার প্রতি ১০০০ জীবিত জন্মে ২২৯ থেকে কমে ৩১-এ দাঁড়িয়েছে।’ 

তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে বাংলাদেশে দারিদ্র্যের প্রকৃতিও। দারিদ্র্য ক্রমবর্ধমানভাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, কর্মসংস্থান নিরাপত্তা, ডিজিটাল অন্তর্ভুক্তি ও পরিবেশগত স্থিতিস্থাপকতার সঙ্গে সম্পর্কিত বহুমাত্রিক চ্যালেঞ্জগুলোকে প্রতিফলিত করেছে। অনেক পরিবার, যারা নামমাত্র দারিদ্র্যসীমা অতিক্রম করেছে, তারাও অর্থনৈতিক ধাক্কা, অসুস্থতা, জলবায়ু-সম্পর্কিত দুর্যোগ বা আকস্মিক আয় কমার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দারিদ্র্য হার এখন বাড়তির দিকে। এমন পরিস্থিতিতে পাঁচ বছর মেয়াদি নানা কৌশল নিয়েছে সরকার। 

জিইডি বলেছে, ২০২৫ সালের বেসরকারি এক গবেষণায় দেখা গেছে ২০২২ সালে মাঝারি দারিদ্র্য ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ২৭ দশমিক ৯৩ শতাংশে উঠে এসেছে। এ ছাড়া একই সময়ে চরম দারিদ্র্য ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। সেই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বৈষম্য একটি অন্যতম উদ্বেগের বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। 

স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে উল্লেখ করা ৫৫টি কৌশলের গুরুত্বপূর্ণ কয়েকটি হলোÑ শ্রম বাজারের সংস্কার, উৎপাদনশীলতা বাড়ানো, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় ব্যবস্থাপনা এবং লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ করা। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কর্মীদের জন্য সহায়তা, তথ্য ও পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালীকরণ, মানব পুঁজি বাড়াতে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের আনুষ্ঠানিকীকরণকে উৎসাহ দেওয়া, উচ্চ উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টিতে জোর এবং শ্রমে নারীর অংশগ্রহণ বাড়ানো, স্বাস্থ্য বীমা ব্যবস্থা চালু করা। আরও আছে, লক্ষ্যভিত্তিক আঞ্চলিক উন্নয়ন, গ্রাম ও শহরের মধ্যে সংযোগ স্থাপন জোরদার, স্থানীয় উন্নয়নকে উৎসাহিত করা, জলবায়ু সহনশীল বিনিয়োগ, ক্ষুদ্র ঋণ কর্মসূচি শক্তিশালীকরণ, দুর্যোগ প্রতিক্রিয়াশীল সামাজিক সুরক্ষা, মূল্যস্ফীতি প্রশমন ব্যবস্থা, জীবিকার বৈচিত্রায়ণ ও আর্থিক অন্তর্ভুক্তি-ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা।

দারিদ্র্য পরিস্থিতি

সরকারি ও বেসরকারি তথ্য পর্যালোচনা জিইডি বলেছে, ১৯৯১-৯২ সালে দেশের সাধারণ দারিদ্র্য হার ছিল ৫৬ দশমিক ৭ শতাংশ। ২০০০ সালে এসে সেটি কমে হয়েছিল ৪৮ দশমিক ৯ শতাংশ। ২০০৫ সালে ৪০, ২০১০ সালে ৩১ দশমিক ৫, ২০২৬ সালে ২৪ দশমিক ২ ও ২০২২ সালে আরও কমে দাাঁড়ায় ১৮ দশমিক ৭ শতাংশে। কিন্তু ২০২৫ সালের তথ্য বলছে উল্টো চিত্র। অর্থাৎ এ বছরে এসে দেশের দারিদ্র্য হার বেড়ে হয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশ। 

অতিদারিদ্র্য পরিস্থিতি

সরকারি ও বেসরকারি তথ্য পর্যালোচনা করে জিইডি বলেছে, ১৯৯১-৯২ সালের দেশে অতিদারিদ্র্য হার ছিল ৪১ দশমিক ১ শতাংশ। ২০০০ সালে সেটি কমে হয়েছে ৩৪ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া ২০০৫ সালে কমে ২৫ দশমিক ১, ২০১০ সালে আরও কমে ১৭ দশমিক ৬, ২০১৬ সালে ১২ দশমিক ৮ ও ২০২২ সালে সবচেয়ে কমে দাঁড়ায় ৫ দশমিক ৬ শতাংশে। কিন্তু এর পর বাড়তে শুরু করেছে। ২০২৫ সালে এসে অতিদারিদ্র্য হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। 

কী বলছে বিশ্বব্যাংক

১২ অক্টোবর প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বলা হয়েছে দেশের দারিদ্র্য পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দারিদ্র্য হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বাড়তে বাড়তে ২০২৫ সালে ২১ দশমিক ৪ তে দাঁড়িয়েছে এবং ২০২৬ সালে সেটি আরও বেড়ে দাঁড়াতে পারে ২২ দশমিক ৫ শতাংশে। এ ছাড়া অতিদারিদ্র্য হার ২০২২ সালের ৫ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৯ শতাংশে এবং ২০২৬ সালে সেটি আরও বেড়ে দাঁড়াতে পারে ১০ দশমিক ১ শতাংশে। এ ছাড়া শুধু ২০২৫ সালেই দরিদ্র হয়েছে ২১ লাখ মানুষ। সংস্থাটির বিভাগীয় পরিচালক জ্যঁ পেম বলেছেন, বাংলাদেশে দরিদ্র বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। বিভিন্ন কারনে নারীরা চাকরি হারাচ্ছেন। 

দারিদ্র্য নিরসনে ছিল সাফল্যও

দারিদ্র্য নিরসনে সফলও হয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালে জাতিসংঘের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস পালন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি দারিদ্র্য নিরসন ও নিম্ন-মধ্যম আয়ের দেশ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর ও অসাধারণ সাফল্য দেখতে আসেন। ১৭ অক্টোবর তিনি দারিদ্র্য নিরসন দিবসের অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা