× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষমতার রাজনীতিতে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২২:৩৪ পিএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ফাইল ছবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক প্রভাবের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, রাষ্ট্রসংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষমতাসীন জোটের একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা এবং বিরোধী জোটের দলীয় স্বার্থকেন্দ্রিক রাজনীতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে টিআইবি বলেছে, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রসংস্কারের দায়িত্ব পালনে কৌশলগত কর্মপরিকল্পনা ও সাহসী উদ্যোগের ঘাটতি ছিল। পাশাপাশি আমলাতান্ত্রিক প্রতিরোধের সঙ্গে আপস করায় সংস্কারের কাঙ্ক্ষিত ভিত্তি তৈরি হয়নি।

ইফতেখারুজ্জামান বলেন, সংবিধান সংশোধন, আইন প্রণয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রক্রিয়া ক্ষমতাসীন জোটের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে বিরোধী জোটও জনস্বার্থে রাষ্ট্রসংস্কারে সহায়ক ভূমিকা না নিয়ে দলীয় রাজনৈতিক সুবিধা অর্জনে ব্যস্ত রয়েছে।

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার বিপুলসংখ্যক অধ্যাদেশকে আইনে পরিণত করেছে বলে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক। তার অভিযোগ, নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ায়, এমন অধ্যাদেশগুলো পাস করা হলেও জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়ক অধ্যাদেশগুলো বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার পথ সংকুচিত হচ্ছে। তিনি আরও বলেন, কর্তৃত্ববাদী শাসনের পতনের পরও রাজনৈতিক দলের একাংশের মধ্যে দখলবাজি, চাঁদাবাজি ও দলীয়করণের প্রবণতা অব্যাহত রয়েছে। ক্ষমতার এ ধরনের হাতবদল রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নকে কার্যত অসম্ভব করে তুলছে।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করাকে রাষ্ট্রসংস্কারের বিপরীতমুখী পদক্ষেপ বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। তার অভিযোগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করে নতুন আইন প্রণয়ন না করে সরকার ২০০৪ সালের আইনে ফিরে গেছে। এতে দুদকের দীর্ঘদিনের আস্থার সংকট কাটানোর পথ বাধাগ্রস্ত হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন আইন প্রণয়নের সমালোচনা করে তিনি বলেন, নতুন আইনটি স্বাধীন ও কার্যকর কমিশন প্রতিষ্ঠার জন-আকাঙ্ক্ষার পরিপন্থী এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক।

কর্তৃত্ববাদী শাসনামলে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুদক ও মানবাধিকার কমিশনসহ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করার পরিণতি ভোগ করার পরও রাজনৈতিক দলগুলো কীভাবে এত অল্প সময়ে সেই অভিজ্ঞতা ভুলে গেল, সে প্রশ্ন তোলেন ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার ভিত্তিতেই জুলাই সনদ প্রণীত হয়েছিল। মতপার্থক্য থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো তখন ঐকমত্যে পৌঁছেছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একচ্ছত্র ক্ষমতা চর্চার প্রবণতায় ক্ষমতাসীন দল সেই অভিজ্ঞতার বিপরীত পথে হাঁটছে। বিরোধী জোটও দলীয় রাজনৈতিক সুবিধা অর্জনে ব্যস্ত রয়েছে।

বিবৃতিতে টিআইবি গণতন্ত্র, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি রোধে জুলাই সনদ প্রণয়নের সময় যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছিল, রাষ্ট্রসংস্কার বাস্তবায়নেও সব দলকে একই ধরনের সদিচ্ছা ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা