সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৯:০৫ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফাইল ছবি
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বিভিন্ন এয়ারলাইন্সের সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১০৭টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এতে এখন পর্যন্ত ভোগান্তিতে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রম। সংস্থাটির ১৭টি সরাসরি ফ্লাইট ব্যাহত হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সাউদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি সরাসরি ফ্লাইট ব্যাহত হয়েছে। সব মিলিয়ে সরাসরি ফ্লাইট ব্যাহত হয়েছে ৪৪টি।
অন্যদিকে সৌদি আরবগামী ও সংশ্লিষ্ট রুটের বিভিন্ন ট্রানজিট ফ্লাইটও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২২টি ট্রানজিট ফ্লাইট ব্যাহত হয়েছে ইন্ডিগো এয়ারলাইনসের। এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ট্রানজিট ফ্লাইট ব্যাহত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ব্যাহত হওয়া ট্রানজিট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩টিতে।
বেবিচক জানিয়েছে, সরাসরি ৪৪টি এবং ট্রানজিট ৬৩টি ফ্লাইট মিলিয়ে এ পর্যন্ত মোট ১০৭টি ফ্লাইট ব্যাহত হওয়ায় ১৬ হাজার ৬২০ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন।