× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনা খরচে মালয়েশিয়া

আজিজুল ইসলাম

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ০৮:৪২ এএম

১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে মালয়েশিয়া। ছবি: সংগৃহীত

১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে মালয়েশিয়া। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর নতুন পথ খুলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর শ্রমবাজার ফের চালুর উদ্যোগে এলো গতি। তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় কর্মী নিয়োগ বাড়ানো, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সাশ্রয়ী করার বিষয়ে গুরুত্ব দেন। এরই ধারাবাহিকতায় ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে ৩৩৮টি প্রতিষ্ঠানকে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করার উদ্যোগে সঞ্চার হয়েছে নতুন আশার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে অনিশ্চয়তা, নিয়োগ প্রক্রিয়ার জটিলতা ও অভিবাসন ব্যয় নিয়ে উদ্বেগ ছিল কর্মীদের মধ্যে। নতুন উদ্যোগে তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা। বিশেষ করে বিদেশে যাওয়ার জন্য ঋণ করে অর্থ জোগাড় করতে হয় যেসব কর্মীকে, তাদের জন্য বিনা খরচে যাওয়ার সুযোগ বাস্তবায়িত হলে তা হবে বড় স্বস্তির খবর। এখন দুই দেশের আলোচনায় তৈরি হওয়া এই সম্ভাবনাকে কার্যকর কর্মসংস্থানে রূপ দেওয়ার অপেক্ষা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ব্যবস্থার তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মালয়েশিয়ার নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি ও ৩১২টি বেসরকারি রিক্রুটিং এজেন্সি তালিকাভুক্তির সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে ৩৩৮টি প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

নতুন ব্যবস্থায় তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে সরাসরি চাকরির চাহিদাপত্র বা জব অর্ডার সংগ্রহ করতে পারবে। কর্মী নির্বাচন ও নিয়োগের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট এজেন্সির হাতে। অন্যদিকে বোয়েসেলসহ ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি কলিং ভিসা, ই-ভিসাসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমে সহায়তা দেবে। এর আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৪২৩টি এজেন্সির তালিকা মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল।

দুই প্রধানমন্ত্রীর আলোচনায় শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালুর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য ছিল। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ২২ জুন যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ করেন। তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। তাদের অবদান দুই দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রী অনিয়মিত বাংলাদেশি কর্মীদের নিয়মিত করার বিষয়টিও আলোচনায় তোলেন। একই সঙ্গে আটক বাংলাদেশিদের সম্ভব হলে দেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনার আহ্বান জানান। কর্মী নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ, সুষ্ঠু ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে অভিবাসন ব্যয় হ্রাস করা যায়, সে বিষয়েও দুই পক্ষের ঐকমত্যের কথা জানান তিনি। দুই প্রধানমন্ত্রীর বৈঠক ও আলোচনার পর শ্রমবাজার ফের চালুর যে উদ্যোগ সামনে এসেছে, তা সফল হলে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

প্রসঙ্গত, অনিয়ম ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের অভিযোগ তুলে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত করেছিল।

বিনা খরচে ১০ হাজার কর্মী

নতুন উদ্যোগের সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার নীতিগত সম্মতি। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অভিবাসন ব্যয় দীর্ঘদিন ধরে বাংলাদেশের কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ। অনেকে জমি বিক্রি, ঋণ নিয়ে কিংবা পরিবারের সঞ্চয় ভেঙে বিদেশে যান। সে ক্ষেত্রে নিয়োগকর্তার ব্যয়ে কর্মী পাঠানোর উদ্যোগ কার্যকর হলে কর্মীদের আর্থিক চাপ কমবে। তবে বিনা খরচে নিয়োগের উদ্যোগ বাস্তবায়নে কারা এই সুযোগ পাবেন, কীভাবে কর্মী নির্বাচন করা হবে এবং নিয়োগকর্তা কোন কোন ব্যয় বহন করবেনÑ এসব বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা গুরুত্বপূর্ণ। কর্মীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে কি না এবং এ নিয়ম লঙ্ঘন করলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করা গেলে উদ্যোগটির সুফল আরও নিশ্চিত হবে। প্রবাসী শ্রমিকের অধিকার নিয়ে কাজ করা শরিফুল ইসলাম এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মালয়েশিয়া ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেবে, এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক।’

শরিফুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীরা গেলেও কর্মী পাঠানোর ক্ষেত্রে একটি অসাধু চক্রের প্রভাব নিয়ে অভিযোগ রয়েছে। কর্মীদের কাজ না দেওয়া, প্রতারণা কিংবা মানবপাচারের অভিযোগ সামনে এলে শ্রমবাজার আবারও সংকটে পড়তে পারে। তাই নতুন ব্যবস্থায় এ ধরনের অনিয়ম প্রতিরোধ এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

৩৩৮ প্রতিষ্ঠানের অংশগ্রহণে নতুন সুযোগ

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর জন্য ৩৩৮টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির উদ্যোগ নিয়োগ প্রক্রিয়ার পরিসর বাড়ানোর সুযোগ তৈরি করেছে। নতুন ব্যবস্থায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলো নিজেরাই মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে। এতে নিয়োগের সুযোগ সম্প্রসারণ ও কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি হবে।

বিদেশে শ্রমশক্তি রপ্তানি নিয়ে কাজ করা একটি এজেন্সির মালিক মো. খলিলুর রহমান সাগর বলেন, ‘এটা অবশ্যই ভালো সংবাদ। দ্রুত কার্যক্রম শুরু হলে ভালো কিছুই হবে বলে আশা করি।’

নয়াপল্টনের একটি রিক্রুটিং এজেন্সির মালিক আব্দুল মমিনও মনে করেন, অসাধুদের নিয়ন্ত্রণ করা গেলে কম খরচে কর্মী পাঠানো সম্ভব। 

তবে শুধু প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়। কর্মীপ্রতি অভিবাসন ব্যয়, জব অর্ডারের সত্যতা যাচাই, এজেন্সির দায়িত্ব ও নিয়োগকর্তার সঙ্গে কর্মীর চুক্তি কার্যকর করার বিষয়ে নজরদারি জরুরি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম নতুন ব্যবস্থায় সিন্ডিকেটের প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ওই দুষ্টুচক্রেই রয়ে গেল। কারণ সরকারের কথা ছিল সিন্ডিকেট ভাঙতে সব পক্ষের সঙ্গে বসে একটি সুষ্ঠু বণ্টনের মাধ্যমে শ্রমবাজার চালু করা। কিন্তু কারও সঙ্গে কথা না বলেই একপক্ষীয়ভাবে লোক পাঠানো শুরু করল।’

ফখরুল ইসলামের অভিযোগ, কর্মীরা কত টাকা দেবেন এবং এজেন্সিগুলো কত টাকা নিতে পারবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। ফলে নতুন ব্যবস্থার সুফল নিশ্চিত করতে অভিবাসন ব্যয় নির্ধারণ ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি গুরুত্ব পাবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের লাইসেন্সের অধীনে কর্মীদের বিএমইটি ছাড়পত্র নিতে পারবে। প্রসেসিং এজেন্সিগুলো প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা ও অনাপত্তিপত্র দেবে। এ ব্যবস্থায় দায়িত্ব বণ্টন ও জবাবদিহি নিশ্চিত করা গেলে কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।

স্বাস্থ্য পরীক্ষায় যৌথ যাচাই

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে। মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশে এসে মেডিকেল সেন্টারগুলো পরিদর্শনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আপাতত মালয়েশিয়া সরকারের বিদ্যমান অনুমোদিত তালিকা থেকে বিতর্কিত ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো বাদ দিয়ে অবশিষ্ট কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছে মন্ত্রণালয়। পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে নতুন কেন্দ্র যুক্ত করা হতে পারে। কোনো একটি কেন্দ্রকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে সরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা