কোলাজ: এআই
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বিশেষ এ বাস সার্ভিস আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পরিচালিত হবে। এ জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটি।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য বাসগুলো প্রস্তুত রাখা হয়েছে। এসব বাস রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে চলাচল করবে। জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটেও এ সেবা পাওয়া যাবে। যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
এ ছাড়া বিশেষ বাস সার্ভিসের আওতায় মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে।
এ সেবা সম্পর্কে তথ্য জানতে বা প্রয়োজনীয় সহায়তা পেতে বিআরটিসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর ০২৪১০৫৩০৪২, ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯।