তানভীর হাসান
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০৮:৫১ এএম
প্রতীকী ছবি
এবার ডোপ টেস্টের আওতায় আসছেন পুলিশের ঊর্ধ্বতন (ক্যাডার) কর্মকর্তারাও। এর আগে এই টেস্ট করানো হতো কেবল পুলিশের কনস্টেবল থেকে ইন্সপেক্টের পদমর্যাদার কর্মকর্তাদের। তবে সম্প্রতি একটি প্রশিক্ষণে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর পুলিশের এসপি পদমর্যাদার এক কর্মকর্তাকে সিএমএইচে ভর্তি করানো হয়।
পরীক্ষায় তার শরীরে বেনজোডায়াজেপিনস (BZO) এবং অ্যামফিটামিন/ মেথঅ্যামফিটামিন (ইয়াবার অস্তিত্ব) পজিটিভ হওয়ায় তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার চলাফেরায় সন্দেহ হলেই তাকে ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ) মো. সায়েদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “পুলিশের মধ্যে ডোপ টেস্টের বিষয়টি আগে থেকেই চলমান আছে। চলমান ওই প্রক্রিয়াই আরও জোরালো করা হয়েছে”।
পুলিশ বাহিনীকে মাদকমুক্ত রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) আনুষ্ঠানিকভাবে ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ১০ মার্চ থেকে। পরে দেশের অন্যান্য জেলা ও ইউনিটের পুলিশদেরও এ কার্যক্রমের আওতায় আনা হয়। সে সময় ডোপ টেস্টে এ পর্যন্ত ১২৬ পুলিশ সদস্যের মাদক নেওয়ার প্রমাণ মেলে। শনাক্ত হওয়া ১২৬ পুলিশ সদস্যের মধ্যে ৯৮ জনই কনস্টেবল।
অন্যদের মধ্যে রয়েছেন একজন পুলিশ পরিদর্শক, ১১ জন এসআই, একজন সার্জেন্ট, সাতজন এএসআই ও আটজন নায়েক। পরে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ছয়জন পুলিশ সদস্য মাদকাসক্ত হিসেবে শনাক্ত হন। সে সময় ডোপ টেস্টের নামে মাঠ পর্যায়ের সদস্যদের হয়রানি ও শত্রুতাবশত ফাঁসিয়ে দেওয়া হচ্ছেÑ এমন অভিযোগ ওঠায় এই প্রক্রিয়া কিছুটা শিথিল করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর এ অভিযোগে চাকরি হারানো অনেকে পুনরায় চাকরি ফিরে পেতে তদবির শুরু করেন। অনেকে আবার পুলিশের আপিল ট্রাইব্যুনালে যান।
সম্প্রতি পুলিশ সদস্যদের বিরুদ্ধে আবারও মাদক নেওয়ার অভিযোগ ওঠায় নতুন করে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মাঠ পর্যায়ের সদস্যদের পাশাপাশি ক্যাডার কর্মকর্তাদেরও এ পরীক্ষা করা হচ্ছে।
এমন প্রেক্ষাপটে গত ১০ সেপ্টেম্বর ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ আসায় পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের আদেশে জানানো হয়, চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে তিনি পুলিশ সদর দপ্তর থেকে প্রস্থান করেন। কিন্তু কোর্স চলার সময়েই গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, “ডোপ টেস্টে যেসব উপাদান পাওয়া গেছে, তা মূলত ইয়াবা সেবনকারীদের দেহে পাওয়া যায়। তাই তাকে বরখাস্ত করা হয়। এ ঘটনায় পুলিশের ইমেজ ক্ষুণ্ন হওয়ায় ক্যাডার কর্মকর্তাদেরও ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের একটি আলাদা টিম কাজ করছে। তারা ঊর্ধ্বতনদের পর্যবেক্ষণে রেখেছেন। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ওপর নজর রাখছেন জেলার পুলিশ সুপাররা”।
অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন জেলায় নির্দেশ পাওয়ার পর অনেক পুলিশ কর্মকর্তা টেস্ট করিয়েছেন। তবে অনেকের পালিয়ে যাওয়ারও নজির রয়েছে। গত ১৫ সেপ্টেম্বর চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মামুন উর-রশিদকে ডোপ টেস্টর নির্দেশ দিলে তিনি আত্মগোপন করেছেন। তার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল ওসমান গণিকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে জেলা পুলিশ প্রশাসন। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকেও। জেলা পুলিশ সুপার (এসপি) মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান বলেন, “সম্প্রতি জেলার হরিণাকুণ্ড এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর তাতে পুলিশের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ কারণে জেলা পুলিশ সদস্যদেরও ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে টেস্ট করানোর প্রয়োজনীয় কিটও সংগ্রহ করা হয়েছে। কারও আচরণ সন্দেহজনক মনে হলেই তাকে পরীক্ষার আওতায় আনা হচ্ছে”।