প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২২:০২ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী। ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে থাকা ফাহমিদা আখতার বৃহস্পতিবার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা ড. নূরুন্নাহার চৌধুরী এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হয়েছিলেন।
এছাড়া কর্মজীবনে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে দায়িত্ব পালন করেন। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণেও অংশ নিয়েছেন।