বাংলাদেশের বাজার থেকে সংগ্রহ করা ১৯৩টি ফর্টিফায়েড সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করে কোনো নমুনায় ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
একই সঙ্গে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে দেশজুড়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।
ঢাকার অফিসার্স ক্লাব ঢাকায় বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত গবেষণার ফলাফলে সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে তিনি এ বক্তব্য দেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই খোলাবাজার থেকে ১৯৩টি ফর্টিফায়েড সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করে নিজস্ব স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করেছে। পরীক্ষায় কোনো নমুনায় ভারী ধাতুর অস্তিত্ব পাওয়া যায়নি।
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি জোরদার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম এমনভাবে বিস্তৃত করতে চান, যাতে দেশের সব এলাকায় কার্যকর তদারকি নিশ্চিত করা যায়।
বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। মুখ্য আলোচক ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. সাইদুল ইসলাম।
এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ছিল ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব- সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।
বিএসটিআই পেল হালাল সনদের স্বীকৃতি
বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) কাছ থেকে হালাল সার্টিফিকেশন অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে বিএসটিআই। শিল্পমন্ত্রীর উপস্থিতিতে বিএবির মহাপরিচালক মো. আমিনুল ইসলাম বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকের হাতে সনদ তুলে দেন।
বিএসটিআইয়ের ন্যাশনাল হালাল ল্যাবরেটরির এ স্বীকৃতি হালাল পণ্যের মান নিশ্চিতকরণ, সনদ প্রদানের প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশীয় উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।
অনুষ্ঠানে শিল্পসচিব আব্দুন নাসের খান বলেন, বিএসটিআইয়ের মানচিহ্ন দেখে ক্রেতাদের মধ্যে পণ্যের গুণগত মান ও নিরাপত্তা সম্পর্কে আস্থা তৈরি হওয়াই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় অর্জন। সরকারের একার পক্ষে সব অর্জন সম্ভব নয়; এ ক্ষেত্রে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ‘মেইড ইন বাংলাদেশ’ যেন পণ্যের মান, আস্থা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হয়ে ওঠে, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
নকল-ভেজাল ঠেকাতে বিশেষায়িত ইউনিটের প্রস্তাব
নকল পণ্য, ভেজাল এবং বিএসটিআইয়ের মানচিহ্নের অবৈধ ব্যবহার রোধে পৃথক গোয়েন্দা ইউনিট গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কাজী ইমদাদুল হক। তিনি বলেন, নকল ও ভেজালের প্রবণতা বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষায়িত এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স ইউনিট চালু করা প্রয়োজন। ইউনিটটি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
তিনি আরও বলেন, মান শুধু একটি কাগজের সনদ নয়; এটি নাগরিকের সঙ্গে রাষ্ট্রের আস্থার চুক্তি। সেই দায়িত্ব পালনে বিএসটিআই কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী, সবুজ প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিসংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করে বাংলাদেশি মান প্রণয়ন এবং পরীক্ষার সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বিএসটিআইয়ের হালাল সার্টিফিকেশন অ্যাক্রেডিটেশন অর্জন বৈশ্বিক হালাল পণ্যের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে ইতিবাচক ভূমিকা রাখবে। নকল ও ভেজাল রোধে বিএসটিআইকে সহযোগিতা করা এবং প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী করা প্রয়োজন