ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বিশেষ নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং প্রতিমা বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো যাবে না। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ছবি বা সংবাদে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে পুলিশ।
মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ যন্ত্র ও গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পাশাপাশি সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট রাখতে বলা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সহজে শনাক্ত করতে পৃথক পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ এবং স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন সম্পন্ন করতে হবে।
জরুরি প্রয়োজনে যেসব নম্বরে ফোন করবেন
জরুরি পরিস্থিতিতে পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বর ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯ ও ০১৩২০০০১৩০০। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নম্বর ০২২২৩৩৫৫৫০০ ও ০১৮১৭৬০২০৫০।
ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বর ০২৯৬১১৩৫৩ ও ০১৭০৫৫০৫৫২৯। এসআরবি কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭২০০৯। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের নম্বর ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৭৩০৩৩৬৬৯৯।
এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিনা মূল্যে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া যাবে।
জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের (ওসি) যোগাযোগের নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।