ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সহনীয় রাখতে সরকার সব ধরনের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেছেন, ভোক্তাদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা মেনে নেওয়া হবে না। ব্যবসায়িক সমস্যা ও দাবিদাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বুধবার এলপিজি অপারেটরদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকট চলছে। জ্বালানির দাম ওঠানামা করছে, পাশাপাশি সরবরাহের উৎসও সীমিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দেশের ভোক্তাদের জন্য এলপিজির দাম সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) প্রয়োজনীয় আলোচনা ও উদ্যোগ নিতে বলা হয়েছে।

এলপিজি সরবরাহে ধর্মঘটের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহার করা না হলে সরকার আইনগত ব্যবস্থা নেবে। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে ধর্মঘটের চেষ্টা করা হলে এ সংক্রান্ত ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়।
মন্ত্রী আরও বলেন, জনগণের আস্থা নিয়ে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ জন্য ধর্মঘটের ডাক দেওয়া ব্যক্তিদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এলপিজি অপারেটরদের সঙ্গে আলোচনার অগ্রগতি তুলে ধরে জ্বালানিমন্ত্রী বলেন, তাদের সঙ্গে এরই মধ্যে তিন দফা বৈঠক হয়েছে। বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে বিইআরসির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সমস্যা সমাধানের বিষয়েও বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ৩০ অক্টোবর অপারেটরদের সঙ্গে আবারও বৈঠক হবে।
এলপিজির সরবরাহ স্থিতিশীল রাখতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলপিজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পণ্যের সঙ্গে কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন ও স্বার্থ জড়িত। তাই সরবরাহ ও বিপণনব্যবস্থায় অস্থিতিশীলতা কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজারব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে দেশে ‘এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট, ১৯৫৬’ কার্যকর রয়েছে। এ আইনের আওতায় ব্যবসায়ী ও সরবরাহকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনস্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ড সরকার বরদাশত করবে না।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসায়িক বিরোধ, কমিশন কিংবা লাভ-লোকসান নিয়ে মতপার্থক্য তৈরি হলে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। তবে নিজেদের দাবি আদায়ে এলপিজির সরবরাহ বাধাগ্রস্ত করা বা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা গ্রহণযোগ্য নয়। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে।
মতবিনিময় সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বিইআরসি, প্রধান বিস্ফোরক পরিদর্শকের কার্যালয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) এবং বসুন্ধরা এলপি গ্যাস, বেক্সিমকো, ওমেরা ও যমুনাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।