× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও অস্থির এলপিজির বাজার

দীপক দেব

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:৪৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কমিশন পুনর্নির্ধারণসহ সাত দফা দাবিতে বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশকরা। 

খুচরা ব্যবসায়ীদের এমন ঘোষণা কয়েক দিন ধরেই অস্থিতিশীল এলপিজির বাজারকে আরও অস্থির করে তুলেছে। নির্ধারিত দামে সিলিন্ডার পাওয়া তো দূরের কথা, বাড়তি দাম দিয়েও রাজধানীর বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহক।

 সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার এলপিজি পরিবেশকদের পক্ষ থেকে ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার ঘোষণার পর থেকেই চাহিদা বেড়ে গেছে। মঙ্গলবার সকাল থেকেই গ্রাহদের ফোন আসা শুরু হয়েছে এলপিজির খুচরা ব্যবসায়ীদের কাছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সব গ্রাহককে সিলিন্ডার দেওয়া সম্ভব হচ্ছে না। 

খিলগাঁও জোড়পুকুর মাঠের পাশে এলপিজি সিলিন্ডার দোকানের এক নিয়মিত ক্রেতা ও এক বহুতল ভবনের নিরাপত্তাকর্মী মোস্তফা মিয়া জানান, ভবনের ২০টি ফ্ল্যাটের গ্যাসের সিলিন্ডার তিনিই তদারকি করেন। গত এক থেকে দেড় সপ্তাহে কখনো দুই হাজার ৪০০ আবার কখনো দুই হাজার ৫০০ টাকা দিতে হয়েছে ১২ কেজির সিলিন্ডারের জন্য। মঙ্গলবার সকাল থেকে আর কল ধরছে না। তাই নিজেই দোকানে চলে এসেছেন। সিলিন্ডার চাইলে দোকানি বলেছেন, পরে নিতে হবে আর দামও পড়বে বেশি। 

খিলগাঁও চৌরাস্তার রায়হান এন্টারপ্রাইজের রাশেদুল ইসলাম সাদ্দাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্রতিদিন তার ৩০ থেকে ৪০টা সিলিন্ডারের চাহিদা রয়েছে। কিন্তু অনেক চেষ্টা করে ১০টি সংগ্রহ করতে পারছেন। তা-ও প্রতিদিন মিলছে না। 

তিনি আরও জানান, ১৯০০ থেকে ২২০০ টাকায় প্রতিটি সিলিন্ডার কিনতে হচ্ছে। আছে পরিবহন, দোকান ও স্টাফ খরচ। সব মিলিয়ে ১৫০ থেকে ২০০ টাকা মার্জিন রেখে সিলিন্ডার বিক্রি করছেন। যদি প্রতিদিন অন্তত ১৫-২০টা সিলিন্ডার বিক্রি করা যেত তাহলে আরও কম লাভে বিক্রি করা সম্ভব হতো। বর্তমান অবস্থায় ছোট ব্যবসায়ীদের টিকে থাকা কষ্টকর উল্লেখ করে তিনি বলেন, শুধু খিলগাঁও নয়, বাসাবো, মালিবাগ, মগবাজার, মোহাম্মদপুর, ধানমণ্ডিসহ রাজধানীর অধিকাংশ এলাকাতেই এমন চিত্র। 

এদিকে দুই দিনের কর্মসূচির পরও কমিশন পুনর্নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ এবং অব্যবহৃত গ্যাস সিলিন্ডার পুনরায় বাজারে ছাড়ার দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য এলপিজি বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরিবেশকদের পক্ষ থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) লিখিতভাবে জানানো হয়েছিল। তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা এসেছে। এই দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজির দোকান বন্ধ রাখার কর্মসূচি আসবে। 

সেলিম খান জানান, পাঁচ বছর আগে পরিবেশকদের জন্য সিলিন্ডারপ্রতি ৫০ টাকা কমিশন নির্ধারণ করেছিল বিইআরসি। কিন্তু এর মধ্যে জ্বালানি তেলের দাম, পরিবহন খরচ, সিলিন্ডার ওঠানো-নামানোর খরচ, গুদাম ভাড়া ও লাইসেন্স ফি বেড়েছে। এসব কারণে কমিশন ৫০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা অথবা বিক্রয়মূল্যের ৭ শতাংশ নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

যে নির্দেশনা দিয়েছে সরকার  

এদিকে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার। দাম বেশি নিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এলপিজির সরবরাহ ও বিতরণ পরিস্থিতি পর্যালোচনায় জ্বালানি বিভাগ সব জেলা প্রশাসকের সঙ্গে অনলাইনে মতবিনিময়সভা করেছে।

গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে দিলেও এই দামে সিলিন্ডার মিলছে না। সিলিন্ডারপ্রতি ৫০০ থোক ৭০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়, বিইআরসি ও এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে ৩২ থেকে ৩৩টি কোম্পানির এলপিজি আমদানির লাইসেন্স বা অনুমোদন থাকলেও মূলত ১০ থেকে ১২টি কোম্পানি নিয়মিত এলপিজি আমদানি করছে। বাংলাদেশে বছরে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে। মোট ব্যবহারের প্রায় ৮০ শতাংশই ব্যয় হয় বাসাবাড়ির রান্নার কাজে। দেশের প্রায় ১ কোটি গ্রাহক এই জ্বালানির ওপর নির্ভরশীল। এর বাইরে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানে ১২ শতাংশ, যানবাহনে ৫ শতাংশ ও অন্যান্য ৩ শতাংশ ব্যবহার হয়। অন্যদিকে এ খাতের চাহিদার প্রায় ৯৯ শতাংশ সরবরাহ করে বেসরকারি খাত, আর সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ১ শতাংশ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার টন এলপিজি এসেছিল। সেপ্টেম্বর মাসেও আমদানির পরিমাণ ছিল প্রায় ১ লাখ ৫৮ হাজার টন। আমদানি না কমলেও এলপিজির সংকট তৈরির গোয়েন্দা তথ্যে পাঁচটি কোম্পানির বিরুদ্ধে সিন্ডিকেট করার অভিযোগ উঠে আসে। সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর থেকে সরবরাহ কমাতে শুরু করেছে কোম্পানিগুলো। শুরুর দিকে ৩০ শতাংশ সরবরাহ কমানো হয়। এরপর ধীরে ধীরে ৫০ শতাংশের বেশি সরবরাহ কমিয়ে দেয়। এর পর থেকেই বাজারে অস্থিরতা শুরু হয়। দাম বৃদ্ধির পর তা কেটে যাবে ধারণা করা হরেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা