পুলিশ সদর দপ্তরে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি তার হাতে তুলে দেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোর রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের ম্যাকবুক উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদর দপ্তরে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি তার হাতে তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
এ ঘটনায় পেশাদারত্ব ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার দুই পুলিশ কর্মকর্তাকে আর্থিক পুরস্কার দিয়েছেন তিনি।
পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে পুলিশের সহযোগিতা চান ক্রিল। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। পরে গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
এর আগে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে এ দেশে আসেন ক্রিল। ৭ অক্টোবর ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা সীমান্তের পথে রওনা হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছান তিনি।
সেখানে অপেক্ষার সময় ওয়েটিং রুমে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। ফিরে এসে জিনিস দুটি না পেয়ে পুলিশের দ্বারস্থ হন।
হারিয়ে যাওয়া ম্যাকবুকে তার গত ছয় মাসের কার্যক্রমের তথ্যসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। তাই ল্যাপটপটি ফিরে পাওয়া তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। সেটি ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই জার্মান পর্যটক। বাংলাদেশ ভ্রমণের সময় নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথাও জানান তিনি।
বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ল্যাপটপ উদ্ধারে অবদানের স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।
এ সময় পুলিশ সদস্যদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত কাজের প্রশংসা করেন আইজিপি। পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের দ্রুত ও পেশাদার সেবা নিশ্চিত করা এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন তিনি।