× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ তাবলীগ জামাতের ছয় দফা দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৬:২৪ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা, ২০১৮ ও ২০২৪ সালের সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের ন্যায্য অধিকার নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ সাহেবের অনুসারী)।

একই সঙ্গে মসজিদে তাবলীগের ধর্মীয় কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনটির অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধেরও দাবি জানিয়েছে তারা।

সংগঠনটির মিডিয়া সমন্বয়ক মো. সায়েম স্বাক্ষরিত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সম্প্রতি ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ’ নাম ব্যবহার করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।

সংগঠনটির দাবি, সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা তাবলীগ জামাতের প্রতিনিধিত্ব করেন না। তাদের বক্তব্য অসত্য, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সংগঠনটির অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা তৃতীয় পক্ষ হিসেবে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিরোধ উসকে দিচ্ছেন।

এ পরিস্থিতিতে ধর্মীয় কার্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

২০১৮ ও ২০২৪ সালের সহিংসতার তদন্ত দাবি

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকেন্দ্রিক ২০১৮ ও ২০২৪ সালের সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে সংগঠনটি।

পাশাপাশি ২০১৯ সালে কিশোরগঞ্জে আব্দুর রহিম রাজন এবং ২০২৩ সালে ঢাকার নিউমার্কেট এলাকায় শামসুল হকের মৃত্যুর ঘটনাও যথাযথভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ২০১৮ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে ইসমাইল মণ্ডল ও শামসুদ্দিন বেলাল এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বেলাল হোসেন ও মিজানুর রহমান নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়।

এসব ঘটনায় প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও সাক্ষ্যপ্রমাণ নিরপেক্ষভাবে যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।

ইজতেমা ময়দানে আয়োজনের তারিখ ঘোষণার দাবি

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় ইজতেমা ময়দান খালি করার বিষয়ে লিখিত সিদ্ধান্ত হয়েছিল। সংগঠনটি ওই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছে।

একই সঙ্গে ১৭ ডিসেম্বর রাতে ডা. আসগরের নামে প্রচারিত একটি কথিত অডিও রেকর্ডের সত্যতা ও প্রেক্ষাপট যাচাইয়ের আহ্বান জানিয়েছে।

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশের উদ্যোগে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য দ্রুত নির্দিষ্ট তারিখ ঘোষণা এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।

পাশাপাশি ময়দান ব্যবহারে সংশ্লিষ্ট পক্ষগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত এবং দখলসংক্রান্ত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও মসজিদে নিরাপত্তা নিশ্চিতের দাবি

দেশের বিভিন্ন স্থানে মসজিদে তাবলীগের নিয়মিত ধর্মীয় কার্যক্রমে বাধা, মার্কাজ মসজিদ নিয়ে বিরোধ এবং পাল্টাপাল্টি প্রচারণা ধর্মীয় পরিবেশ ও সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসব পরিস্থিতি মোকাবিলায় তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত ধর্মীয় ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতাদের অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। 

পাশাপাশি বিভিন্ন জেলা ও থানার মার্কাজ মসজিদ নিয়ে বিরোধ ও দখলসংক্রান্ত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি এবং বৈধ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তৌহিদি জনতা’ বা অন্য কোনো পরিচয় ব্যবহার করে কেউ যাতে মসজিদে তাবলীগের ধর্মীয় কার্যক্রমে বেআইনি বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

সংগঠনটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও বিচার, অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপ বন্ধ, ইজতেমা ময়দান ব্যবহারের ন্যায্য অধিকার নিশ্চিত, মার্কাজ মসজিদ নিয়ে বিরোধের আইনানুগ নিষ্পত্তি এবং মসজিদে ধর্মীয় কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, সরকার সব পক্ষের ন্যায্য অধিকার নিশ্চিত করে দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা