সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক, মুসলিম ভ্রাতৃত্ব এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের সম্পর্ক সুসংহত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার বিষয়টি স্মরণ করা হয়।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সাক্ষাতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে দেশটিতে ট্যাক্সি ও ট্রাক চালক হিসেবে বাংলাদেশিদের কাজের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আলোচনা করেন তারা।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা বাড়িয়ে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।