বিবিসি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২০:১৮ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফাইল ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার হালনাগাদ সময়সূচি যথাসময়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।”
গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১৩ জন নিহত হন। এ ছাড়া আহত হন আরও অনেকে। ওই হামলার ঘটনার পরই সৌদি কর্তৃপক্ষ বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
এদিকে বাংলাদেশ থেকে রিয়াদ হয়ে সৌদি আরবের বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া এবং রিয়াদ থেকে বাংলাদেশে আসার অপেক্ষায় থাকা প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকে পড়েছেন। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে। দূতাবাস আরও জানায়, আটকে পড়া যাত্রীদের মধ্যে প্রায় ১০০ জনকে রিয়াদের মেরিয়ট হোটেল, রেডিসন হোটেল ও প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকার ব্যবস্থা করা হয়েছে।