প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৯:৫৬ পিএম
রিয়াদের বাংলাদেশ দূতাবাস। ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। দেশটির স্থানীয় আইন ও কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার পাশাপাশি সংঘাত সম্পর্কিত যেকোনো ছবি বা ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে রবিবার জারি করা এক ‘অতি জরুরি বিজ্ঞপ্তি’তে প্রবাসীদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি–সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, পারস্পরিক আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে শাস্তিযোগ্য অপরাধ।
সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে, পরিস্থিতি সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য যেন ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা না হয়। একই সঙ্গে মুঠোফোনে এসব উপাদান সংরক্ষণ এবং একে অপরের সঙ্গে আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে প্রবাসীদের প্রতি তাগিদ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থানগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে ও যেকোনো তথ্যের জন্য প্রবাসীদের দূতাবাসের হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
নম্বরগুলো হলো:
শ্রম সংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৫
পাসপোর্ট সংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৬
কূটনৈতিক শাখা (ডিপ্লোম্যাটিক উইং): ৮০০১০০০১২৪
মৃত্যু সংক্রান্ত হটলাইন নম্বর: +৯৬৬৫৭৭২১৮০
এ ছাড়া জরুরি ও হালনাগাদ তথ্যের জন্য প্রবাসীদের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/bdembassyriyadh) অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।